কিশোরগঞ্জ, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জে অবৈধ পলিথিন তৈরির একটি কারখানার খোঁজ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শহরের গাইটাল আবাসিক এলাকায় কারখানাটির সন্ধান পায় আদালত।
কারখানাটি থেকে ২০ লাখ টাকা দামের পলিথিন জব্দ করা হয়েছে। কারখানার মালিক মো. নূরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ।
স্থানীয়রা জানায়, গাইটাল এলাকার জনতা প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বড় টিনের ঘরে অবৈধ পলিথিন উৎপাদন করে আসছিলেন নূরুল ইসলাম।
বিষয় জানার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।
তিনি গিয়ে দেখেন, একটি বড় ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের দরজা জানালা খুলে দেখতে পান সেখানে মেশিনে অবৈধ পলিথিন তৈরি করা হচ্ছে।
ম্যাজিস্ট্রেট কাগজপত্র দেখতে চাইলে কারখানার মালিক মো. নূরুল ইসলাম ব্যর্থ হন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবু তাহের সাঈদ সাংবাদিকদের জানান, একটি ঘনবসতি আবাসিক এলাকায় সরকার নিষিদ্ধ পলিথিনের কারখানা এতদিন কিভাবে চালু ছিল তা রীতিমত বিস্ময়কর। কোন দুর্ঘটনা ঘটলে এলাকার অসংখ্য মানুষের প্রাণহানি ঘটার সম্ভাবনা ছিলো।
ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার মুকসেদপুরের বড়পুল এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তিনটি গাড়ির চালককে ছয় হাজার টাকা জরিমানা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24