চট্টগ্রাম, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পাঁচটি কার্তুজ, দুটি ছোরা ও দুটি কিরিচসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে নগরীর বায়েজিদ এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো এরশাদ (২৬), মো. আলী (২৫), মো. মনছুর (৩৭), কালা মিয়া (২৪), মো. জালাল (২০), এরশাদ হোসেন (২২), মো. মফিজ (২৬), মো. সোহেল (২৫) ও আবদুর রহিম (২২)। তারা নগরীর বায়েজিদ থানার হালিশহর, শেরশাহ কলোনি ও পাঁচলাইশ এলাকায় থাকতো।
বায়েজিদ থানার ওসি মো. মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা একটি বাস ভাড়া করে ফটিকছড়িতে ডাকাতি করতে যাচ্ছিল। ডাকাতির লক্ষ্যস্থলে আগেই অস্ত্র পাঠিয়ে দিয়ে তারা গুলি নিয়ে রওয়ানা হচ্ছিল।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কেএমএস/২১২০ ঘ.
bdnews24