ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত দুই বৈমানিকের দাফন মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এই দুই বৈমানিকের নামাজে জানাজা দুপুরে বিমান বাহিনী ঘাঁটি বাশার এ অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বঙ্গভবনের দুইজন কর্মকর্তা এবং দুই বৈমানিকের স্বজনরা দাফনে অংশ নেন।
জানাজা শেষে স্কোয়াড্রন লীডার মোহাম্মদ মাহমুদুল হককে গাজীপুরে তার নিজ গ্রামে এবং স্কোয়াড্রন লীডার আশরাফ ইবনে আহমেদকে ঢাকার তেজগাঁওয়ে বিমান বাহিনীর শাহীন কবরস্থানে দাফন করা হয়।
সোমবার বরিশাল বিমানবন্দরের উত্তরপাশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ওই দুই বৈমানিকের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৮৪৯ ঘ.
bdnews24