২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিমান বিধ্বস্ত: উদ্ধার কাজ শেষ

বরিশালে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 12:00 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

বরিশাল, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মঙ্গলবার সকালে উদ্ধার কাজ শুরু হয়। বিমান বাহিনীর উইং কমান্ডার মো. শরীফ'র নেতৃত্বে বিমান বাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা উদ্ধার কাছে অংশ নেয়। সোমবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী গ্রামে বরিশাল বিমান বন্দরের উত্তর-পশ্চিম কোণে বিমান বাহিনীর পিটি সিক্স- ৩৫১০ টাইপের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই মারা যান বিমানের দুই আরোহী স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ ও মাহমুদুল হক। তাদের মৃত্যুর ঘটনায় বিমান বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিমান বাহিনীর ১ নম্বর প্রভোষ্ট ও নিরাপত্তা ইউনিটের ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান বাদি হয়ে মঙ্গলবার সকালে মামলাটি করেন। মামলায় বলা হয়, উড়ন্ত অবস্থায় পিটি সিক্স- ৩৫১০ দুর্ঘটনা কবলিত হয়ে পাইলট স্কোয়াড্রন লিডার মাহমুদুল হক ও কো-পাইলট স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ নিহত হন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে অনুরোধ করা হয়। নিহত স্কোয়াড্রন লিডার মাহমুদুল হক (৩০) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার সোম ইছাপুরা গ্রামের প্রয়াত আনোয়ারুল হকের ছেলে। স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ (৩০) কুমিল্লার তিতাস উপজেলার মঙ্গলকান্দি গ্রামের নাজিউদ্দিনের ছেলে। দুজনই যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটিতে কর্মরত ছিলেন। উদ্ধার কাজে অংশ নেওয়া বিমান বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের সাংবাদিকদের জানান, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকালে উদ্ধার কাজ শুরু হয়। পুরো এলাকা ঘিরে রাখে বিমান বাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা। বিধ্বস্ত বিমানটির কিছু অংশ মাটির নিচে ঢুকে যাওয়ায় মাটি খুঁড়ে তা উদ্ধার করা হয়। দুপুর আড়াইটার দিকে উদ্ধার কাজ শেষ হয়। কোনো আলামত যাতে নষ্ট না হয় সে জন্য উদ্ধার কাজের সময় কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে তিনি জানান। বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক হানিফ গাজী জানান, বিধ্বস্ত বিমানের উদ্ধারকৃত ধ্বংসাবশেষ সড়ক পথে ঢাকা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৬ ঘ.