২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার সংগঠনগুলোকে নালিশ জানাবে বিএনপি

সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে নালিশ জানাবে বিএনপির সংসদীয় দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 09:47 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর কাছে নালিশ জানাবে বিএনপির সংসদীয় দল। সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেছেন। সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরের ওপর 'নির্যাতনের' প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের সামনে মানববন্ধনও করবে বিএনপির সংসদ সদস্যরা। যুদ্ধাপরাধে অভিযুক্ত গত ১৬ ডিসেম্বর ভোররাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয়। গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ৩০ নভেম্বর তাকে হাজির করতে বলেছে। সালাউদ্দিনকে গ্রেপ্তারের পর নির্যাতন চালানো হয় বলে তার পরিবার ও বিএনপি অভিযোগ করে এলেও গোয়েন্দা পুলিশ তা প্রত্যাখ্যান করেছে। সকালে ধানমণ্ডিতে সালাউদ্দিন কাদেরের বাড়িতে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর ফারুক সাংবাদিকদের বলেন, "আমাদের দলের মহাসচিব ইতোমধ্যে পুলিশি হেফাজতে একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর নির্যাতনের বিষয়টি তদন্ত করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে আবেদন জানিয়েছেন। আমরা সংসদীয় দল প্রয়োজনে এই বিষয়টি নালিশ আকারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে জানাবো।" তিনি অভিযোগ করেন, সালাউদ্দিনকে গ্রেপ্তারের পর তার বাড়ির টেলিফোন লাইনেও পুলিশ আড়ি পাতছে। ফারুকসহ বিএনপির সংসদ সদস্যরা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরীসহ তার ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করেন। সংসদ সদস্যদের মধ্যে ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবুল খায়ের ভূঁইয়া, আশরাফ উদ্দিন নিজান, নীলুফার ইয়াসমীন মনি, শাম্মী আখতার, রাশেদা বেগম হীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৪৩ ঘ.