রাজশাহী, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চাঁনলাই রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আনোয়ার হোসেন ছোট্ট (১৬) রাজশাহীর তানোর ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম একরামুল হক।
গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলে যাওয়ার পথে চাঁনলাই রেল ক্রসিংয়ে চাঁপাইনবাবগঞ্জের আমনুড়া থেকে রাজশাহীগামী একটি ধীর গতির ট্রেনে উঠতে যায় আনোয়ার। কিন্তু তার পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৪০ ঘ.
bdnews24