২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাই ও বেনাপোলে ২ খুন

চাঁপাইনবাবগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 05:06 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাতের এই ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। যৌতুকের জন্য বেনাপোলে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাকা গ্রামে ধর্ষণের পর খুন করা হয় নুরেশা খাতুনকে (১৫)। সে বাঙ্গাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলো। নুরেশা বেগুনবাড়ির গ্রামের বাইরুল ইসলামের মেয়ে। পুলিশ বলেছে, নুরেশার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে এ বিষয়ে এখনো জানা যায়নি। এ ঘটনায় বাঙ্গাবাড়ি ইউনিয়নের ওজগড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে মাহবুব (১৫) ও আব্দুল ওহাব কুটুর ছেলে আজিমকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। এরা বাঙ্গাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। পরিবারের বরাত দিয়ে গোমস্তাপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, নুরেশা রোববার বিকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে মাহবুব ও তার বন্ধুরা নুরেশাকে দড়িপাকা গ্রামে অপর বন্ধু আজিমের বাড়ি নিয়ে যায়। সেখানে মাহবুব, আজিম ও আল-আমিনসহ কয়েকজন তাকে ধর্ষণ করে। গুরুতর অসুস্থ নুরেশাকে স্থানীয়রা রাত ৮টার দিকে উদ্ধার করে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা মাহবুব ও আজিমকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ে সোমবার সকালে তাদের গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত আল-আমিন পালিয়ে যায়। ওসি জানান, পুলিশ সোমবার দুপুরে নুরেশার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। এ ঘটনায় নিহতের মা নাসিমা বেগম গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বেনাপোল: যশোরের বেনাপোল বন্দর থানাধীন ধান্যখোলা গ্রামে এক গৃহবধূকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কাঞ্চন বিবি (১৯) ধান্যখোলার আব্দুল কুদ্দুসের স্ত্রী। পুলিশ সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। কাঞ্চনের বাবা আবুল কাসেম অভিযোগ করেন, যৌতুকের জন্য কুদ্দুস তার মেয়েকে প্রায় মারধর করতো। রোববার রাতে যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পিটিয়ে তাকে হত্যা করে কুদ্দুস। কাসেম অভিযোগ করেন, হত্যার পর তার মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে কুদ্দুস। কুদ্দুস দাবি করেছেন, তার স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। বেনাপোল বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম জানান, বিষয়টি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তের পর যদি দেখা যায় হত্যার ঘটনা ঘটেছে তাহলে মামলাটি পরিবর্তন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৪ ঘ.