ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণকারীদের হাতে আটক পাঁচ বাংলাদেশি আফগানিস্তানের মাজার-ই-শরীফ এলাকায়ই আছেন। তাদের মুক্তির জন্য বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের সহায়তা চেয়েছে।
অপহরণকারীদের হাতে এখনো বন্দি পাঁচজনকে মুক্তির বিষয়ে আফগান কর্তৃপক্ষ সাহায্যের আশ্বাস দিয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে বলখ্ প্রদেশের মাজার শরিফের কাছ থেকে সামহোয়ান কর্পোরেশনের অধীনে কর্মরত সাত বাংলাদেশিকে অপহরণ করা হয়। অপহরণকারীদের হামলায় সেসময় কাজী আলতাফ হোসেন নামে একজন ক্রাশার ম্যাশিন অপরেটর মারা যান।
এদের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয় বলে রোববার আফগানিস্তান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অপহৃতদের সহকর্ম মাসুদ আলম রতন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, মুক্তি পাওয়া দুই শ্রমিকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে।
"তারা জানিয়েছেন, ওই পাঁচজন মাজার-ই-শরীফে সুস্থ অবস্থায় আছেন।"
"উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশের রাষ্ট্রদূত আফগান সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন" জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, "তিনি সামহোয়ান কর্পোরেশনের কাবুল কার্যালয়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২০১৮ ঘ.
bdnews24