ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসা ভারতীয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ১৭ সদস্য দেশে ফিরে গেছেন।
সোমবার ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিমানবন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান সেনাবাহিনীর মাষ্টার জেনারেল অব অর্ডিন্যান্স মেজর জেনারেল আব্দুল মতিন।
মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর এই ১৭ জন যোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল (অব.) এসপিএম ত্রিপাঠী, পিভিএসএম, এভিএসএম এর নেতৃত্বে ১৫ ডিসেম্বর বুধবার বাংলাদেশে আসেন। এর মধ্যে ১৪ জন সস্ত্রীক এসেছিলেন।
১৬ ডিসেম্বর ভোরে তারা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতীয় প্যারেড স্কয়ারে সাম্মলিত বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া তারা বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। তারা তিন
বাহিনীর প্রধানগন ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
প্রতিনিধি দলটি কুমিল্লা সেনানিবাসে অবস্থিত যাদের রক্তে মুক্ত স্বদেশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৮৩৫ ঘ.
bdnews24