২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞান গ্যালারি সমৃদ্ধ মিউজুবাস চালু

দেশে প্রথমবারের মতো বিজ্ঞান গ্যালারি সমৃদ্ধ বাস (মিউজুবাস) চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো বিজ্ঞান গ্যালারি সমৃদ্ধ বাস (মিউজুবাস) চালু হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ব্যবহারিক ও প্রায়োগিক দিক তুলে ধরার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলাই এর লক্ষ্য। সোমবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এ মিউজুবাসের উদ্বোধন করেন। তথ্য বিবরণীতে বলা হয়, বাসটিতে নিউটনের ভরবেগের সূত্র, কেন্দ্রাতিগ বল, আড় তরঙ্গ, অর্ধগোলক পরীক্ষা, বর্ণচক্র, ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেট, মিউজিক টিউব, পিথাগোরাস ও আর্কিমিডিসের সূত্রের ব্যবহারিক প্রমাণসহ ২৯টি বিষয় রয়েছে। ৬৫ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে বাসটি। এটি পর্যায়ক্রমে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হবে। এ প্রসঙ্গে ইয়াফেস ওসমান বলেন, "নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচী প্রণয়ন করেছে। তারই ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মত বিজ্ঞান গ্যালারি সমৃদ্ধ এ বাস চালু করা হলো।" বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মুহাম্মদ আব্দুস সামাদ, সচিব মো. আবদুর রব হাওলাদার, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সভাপতি ড. শমসের আলী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৮১২ ঘ.