২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবপাচার প্রতিরোধে আইনের খসড়া তৈরি

মানবপাচারের শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও কমপক্ষে ১৪ বছরের কারাদণ্ডের বিধান রেখে 'মানবপাচার প্রতিরোধ আইন, ২০১১'-এর খসড়া তৈরি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 11:21 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবপাচারের শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও কমপক্ষে ১৪ বছরের কারাদণ্ডের বিধান রেখে 'মানবপাচার প্রতিরোধ আইন, ২০১১'-এর খসড়া তৈরি করেছে সরকার। পাচারের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার, পুনর্বাসন ও তাদের অধিকার সুরক্ষায় ক্ষতিপূরণ আদায়সহ বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে এ আইনে। রাজধানীর একটি অভিজাত হোটেলে সোমবার এক সেমিনারে আইনের খসড়ার ওপর বিভিন্ন শ্রেনী ও পেশার বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "মানবপাচার বিশ্বের একটি বড় সমস্যা। এটি বড় সামাজিক অপরাধও। প্রত্যেকটি দেশই এ ধরণের আইনের মাধ্যমে মানবপাচার রোধে ব্যবস্থা নিচ্ছে। তবে এরপরও মানবপাচারের মতো অপরাধ হচ্ছে।" তিনি বলেন, "নতুন এ আইনের কারণে দেশের জনশক্তি ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা আলোচনার মাধ্যমে দূর করা হবে। আইন কখনো নিরাপদ বা বৈধ অভিবাসনকে ক্ষতিগ্রস্ত করে না। এটি একটি আন্তর্জাতিক মানের আইন হবে। যা শক্তিশালী মানবপাচার চক্রের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার। বক্তব্য রাখেন আইন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শাহ আলম, আইওএম'র দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. কামালউদ্দিন আহমেদ, মানবাধিকার নেত্রী সালমা আলী ও অধ্যাপক রিদওয়ানুল হক। প্রস্তাবিত আইনে মানবপাচারের বিষয়টিকে সংজ্ঞায়িত করে এ ধরণের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ফলে দেশে মানবপাচার, জবরদস্তিমূলক শ্রম বা সেবা, প্রলোভনের মাধ্যমে পাচার করে যৌন নির্যাতন বা হয়রানি, দাসত্ব করানো, প্রতারণার মতো অপরাধ কমে আসবে। এসব ক্ষেত্রে দোষী ব্যক্তি কঠোর শাস্তি পাবেন। অপরাধ সংঘটনে প্ররোচনা দেওয়া বা ষড়যন্ত্রের জন্য কমপক্ষে আট বছরের কারাদণ্ড, জবরদস্তি মূলক শ্রম বা দাসত্বমূলক শ্রমের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, পাচারের জন্য অপহরণ, চুরি বা আটকের জন্য কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড, পতিতাবৃত্তি বা যৌন নির্যাতনের জন্য কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড এবং পতিতালয় পরিচালনার অনুমতি দেওয়ার জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এসব ক্ষেত্রে মিথ্যা অভিযোগের জন্য অভিযোগকারীকেও দণ্ডের মুখোমুখি হতে হবে। এজন্য আইন অনুযায়ী কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭১৩ ঘ.