২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত বন্দুকযুদ্ধে ২ যুবকের মৃত্যু

ঢাকার হাজারীবাগ ও টাঙ্গাইলের গোপালপুরে রোববার গভীররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 06:41 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার হাজারীবাগ ও টাঙ্গাইলের গোপালপুরে রোববার গভীররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, টাঙ্গাইলে নিহত মো. মামুন (২৫) দীর্ঘদিন অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন। র‌্যাব বলছে, হাজারীবাগে নিহত আলম ওরফে টাকু আলম (৩০) তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তিনি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী। ঢাকার রায়েরবাজারের ২৯০/৩ টালি অফিস রোডে তার বাসা। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। র‌্যাবের সহকারী পরিচালক মো. শাফিউল সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাঠ এলাকায় র‌্যাবের একটি টহলদল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ করে গুলি চালায়। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আলমকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।" র‌্যাব কর্মকর্তা শাফিউল জানান, ঘটনাস্থল থেকে একটি করে পিস্তল, এলজি, ম্যাগজিন, গুলি, তিনটি ক্রেডিট কার্ড, বিদেশি মোবাইল ফোন কোম্পানির একটি সীম ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আলমের বিরুদ্ধে হাজারীবাগ ও মোহাম্মদপুর থানায় ছয়টি মামলা রয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর টাঙ্গাইল প্রতিনিধি জানান, গোপালপুর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত মামুন সিমলা ইউনিয়নের সেনের মাকুল্লা গ্রামের আব্দুল বারেক মৌলভীর ছেলে। পুলিশ জানিয়েছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নগদা সিমলা ইউনিয়নের সেনের মাকুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। গোপালপুর থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন, গত ২৭ অক্টোবর বিকালে র‌্যাব-১২ এর একটি দল ছদ্মবেশে ক্রেতা সেজে ওই গ্রামে মামুনের কাছে যায় অস্ত্র কিনতে। র‌্যাব সদস্যরা অস্ত্রের টাকা না দিয়ে হাতকড়া পড়ায় মামুনকে। এ সময় মামুন র‌্যাবের কম্পানি কমান্ডার মেজর মাহফুজের পেটে ছুরিকাঘাত করলে মেজর মাহফুজ তাকে গুলি করেন। পায়ে গুলিবিদ্ধ ও হাতকড়া পড়া অবস্থায়ই মামুন পালিয়ে যায়। ওসি খায়ের বলেন, "রোববার রাতে র‌্যাব-১২ এর সদস্যরা আবারো সেনের মাকুল্লা গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এক পর্যায়ে একটি ইট ভাটার কাছে মামুন ও তার সঙ্গীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি শুরু হয়। এতে মামুন ঘটনাস্থলে মারা যায়।" তিনি আরো জানান, এ ঘটনায় গোপালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব ২টি এলজি, ১টি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এসআইটি/আরএম/আরএ/এজে/১৪২০ ঘ.