২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিডে দগ্ধ মা-মেয়ে, সাবেক স্বামী গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ হয়েছে মা ও শিশু সন্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

নাটোর, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে দগ্ধ হয়েছে মা ও শিশু সন্তান। এসিড ছোড়ার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে দগ্ধ নারীর সাবেক স্বামীকে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার হিজলী পাবনাপাড়া গ্রামে এসিডে দগ্ধ হন খুশী বেগম (২২) ও তার মেয়ে হাসি (২)। তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগাতিপাড়া থানার ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনায় রোববার সকালে খুশী বাদি হয়ে আলেকের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ আলেককে গ্রেপ্তার করে। মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, হিজলী পাবনা পাড়ার আলেক উদ্দিন পাঁচবছর আগে ৫০ হাজার টাকা যৌতুক নিয়ে একই গ্রামের নূরুল ইসলামের মেয়ে খুশী বেগমকে বিয়ে করেন। বনিবনা না হওয়ায় এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে স্বামীর বিরুদ্ধে খুশী বেগম খোরপোষের মামলা করেন। অনেক বলা সত্বেও খুশী মামলা তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে সাবেক স্বামী আলেক উদ্দিন শনিবার গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে তাদের এসিড নিক্ষেপ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.