ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ শ ৫০ কার্টন বিদেশি সিগারেট আটক ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সিগারেটের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে যাওয়ার সময় তা আটক করা হয়।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ৩ টার দিকে বিমানবন্দরের ২নম্বর আগমনী টার্মিনাল অতিক্রম করার সময় মো. ফারুক (৪৬) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ফারুক করাচি থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমানে শাহজালাল বিমান বন্দরে আসেন। তিনি ৮ শ ৫০ কার্টন বিদেশি সিগারেট শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, তার বাড়ি শরিয়তপুর জেলায়। তার সঙ্গে একটি পাকিস্তানি পাসপোর্ট পাওয়া গেছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মিজানুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/কেএমএস/১৮২১ ঘ.
bdnews24