ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংককে যাত্রা বিরতির পর বেইজিংয়ের পথে রওনা হয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৯টায় থাই এয়ারওয়েজের বিমানে তিনি চীন রওনা হন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে খালেদা এ সফর হচ্ছে। খালেদার সফরসঙ্গী রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, প্রেসসচিব মারুফ কামাল খান, একান্ত সচিব সালেহ আহমদ, সহকারী একান্ত সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস, আলোকচিত্রী নূরউদ্দিন আহমেদ।
চীনের পথে শনিবার দুপুরে ঢাকা ছাড়েন খালেদা।
প্রেসসচিব জানান, সফরসূচি অনুযায়ী চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে রোববার থেকেই আনুষ্ঠানিক আলোচনা শুুর করবেন খালেদা।
খালেদা জিয়া সর্বশেষ ২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেন। বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি ১৯৯৮ সালেও চীনে গিয়েছিলেন।
খালেদার এবারের চীন সফর নিয়ে মাহবুবুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চীনের সঙ্গে বাংলাদেশ ও বিএনপির দীর্ঘ দিনের সম্পর্ক। এই সম্পর্কে আরো শক্তিশালী করতেই চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ সফর হচ্ছে।
"সফরকালে বিরোধীদলীয় নেতা চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের সিনিয়র নেতাদের সঙ্গে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও আঞ্চলিক শান্তি শৃঙ্খলা নিয়ে আলোচনা করবেন", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২২৫ ঘ.
bdnews24