সুনামগঞ্জ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে সুরমা নদীতে ডুবে যাওয়া নৌকা দুটির আরো দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৭ এ দাঁড়ালো। নিখোঁজ রয়েছেন আরো আট জন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে জামালগঞ্জ উপজেলার সোনারবাগ ইউনিয়নে আলীপুর এলাকায় নদীতে সংঘর্ষের পর যাত্রীবাহী ও বালুবাহী দুটি নৌকা ডুবে যায় বলে স্থানীয় প্রশাসন জানায়।
রোববার সকাল ৭টায় জামালগঞ্জের ফেনারবাক ইউনিয়নের আলীপুরের কাছে নদীতে ভাসমান দুটি লাশ পাওয়া যায় বলে
জামালগঞ্জ থানার ওসি জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এ দুটি লাশের পরিচয় পাওয়া যায়নি, দুজনই নারী। শনিবার রাতে ৩৫ জনের লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে নয়টি শিশু রয়েছে।
এদিকে নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালাতে ১১ সদস্যের একটি ডুবুরি দল ঢাকা থেকে জামালগঞ্জে পৌঁছেছে। স্থানীয়দের সহায়তা নিয়ে সকাল সোয়া ১০টায় কাজও শুরু করেছে তারা।
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ ডুবুরি দল এসেছে।
ডুবে যাওয়া দুই নৌকার মধ্যে যাত্রীবাহী নৌকাটিতে ৫০ জন আরোহী ছিলো বলে জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম।
তিনি শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুয়াশার কারণে সংঘর্ষের পর দুটি নৌকাই ডুবে যায়। পুরুষ যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।"
সোনারবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি নিজে ৩৫টি লাশ গুনেছেন।
যাত্রীবাহী নৌকাটি সিলেটের ভোলাগঞ্জ থেকে কিশোরগঞ্জের ইটনা যাচ্ছিলো। নিহতদের বাড়ি কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন উপজেলায়।
নিহতদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। তারা হলেন- রফিকুল (৮), নিমা বেগম (৭), হুসনা (৩২), সাব্বির (৭), সাদিকুল (৪), আকাশ (১২), তাসলিমা (১২), কাঁকন (১০), তৌহিদা (৮), সিঁথি (৬), মিতি (১) ও আনুফা (২৮)। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩৩ ঘ.
bdnews24