২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত ১

সুন্দরবনে বাঘের আক্রমণে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 01:41 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের আক্রমণে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। শনিবার সকালে সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার মীরগাং এবং বিকালে উপজেলার কলাগাছিয়ার মধ্যকালির খালে এই পৃথক দু'টি ঘটনা ঘটে। নিহত মুসলিমা খাতুন (২৭) মীরগাং এলাকার আকিজ উদ্দীন গাজীর স্ত্রী। আহত শেখ ঈমান আলী (৫০) চাঁদনিমুখা গ্রামের শেখ আব্দুল মালেকের ছেলে। তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের মীরগাং টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ হোসেন বলেন, সকালে মুসলিমাসহ চার মহিলা সুন্দরবনের ভিতরে কাঁকড়া ধরতে যান। বেলা ১১টার দিকে ছফেদ আলীর খাল থেকে মুসলিমা খাতুনকে বাঘে নিয়ে যায়। বিকালে সঙ্গীদের কাছে খবর পেয়ে বনবিভাগের সদস্যরা গ্রামবাসীদের সহায়তায় বনের ভিতর থেকে মুসলিমার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। অপরদিকে সকালে শেখ ঈমান আলীসহ তিন জেলে কাঁকড়া ধরতে যান সুন্দরবনে। বিকালে ফিরে আসার সময় মধ্যকালির খালের তীরে জ্বালানি কাঠ কাটার সময় ঈমান আলীকে বাঘে আক্রমণ করে। এ সময় ঈমান আলী নিজেকে বাঁচানোর চেষ্টা করেন এবং তার সঙ্গীরা নৌকার লগি-বৈঠা দিয়ে বাঘটিকে পেটাতে থাকেন। কিছুক্ষণ পর ঈমান আলীকে ছেড়ে বাঘটি চলে যায়। ঈমান আলীর বাম হাত ও বাম চোখ বাঘের থাবায় মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে বলে তার সঙ্গীরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৬ ঘ.