২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সপ্রেসওয়ে: দরপত্র মূল্যায়নে চাপের অভিযোগ অস্বীকার

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চূড়ান্ত দরপত্র মূল্যায়নে কোনো ধরনের চাপের অভিযোগ অস্বীকার করেছে মূল্যায়ন কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 11:29 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চূড়ান্ত দরপত্র মূল্যায়নে কোনো ধরনের চাপের অভিযোগ অস্বীকার করেছে মূল্যায়ন কমিটি। এক্সপ্রেসওয়ে নির্মাণে আগামী মাসের শুরুতেই ইতালি ও থাইল্যান্ডের যৌথ প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সঙ্গে সরকার চুক্তি করবে বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূইয়া। শনিবার সেতু ভবনে এক সংবাদ সম্মেলন একথা জানান তিনি। রাজধানীর যানজট নিরসনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর পাশের কুতুবখালী পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য চূড়ান্ত দরপত্রে গত ২৩ নভেম্বর যৌথভাবে দুটি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠান দুটি হলো ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি এবং বাংলাদেশ ও কোরিয়াভিত্তিক সিকদার রিয়েল এস্টেট ও কেসিসি লিমিটেড। সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় এটিই হবে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প। সংবাদ সম্মেলনে মোশাররফ বলেন, "কারিগরি প্রস্তাব মূল্যায়নে সিকদার রিয়েল এস্টেট ও কেসিসি লিমিটেড উত্তীর্ণ হতে পারেনি। এ প্রতিষ্ঠান দুটির পিপিপি-র আওতায় এ ধরনের কাজের কোনো অভিজ্ঞতাও নেই।" "তাই কারিগরি মূল্যায়নে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানিকেই কাজ দেওয়ার সুপারিশ করেছে কমিটি। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এদের সঙ্গে চুক্তি হবে এবং পরবর্তী তিন মাসের মধ্যে কাজ শুরু হবে", বলেন তিনি। ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি 'আই' টাইপের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ৭ হাজার ৭৬৬ কোটি টাকা এবং 'বক্স' টাইপের জন্য ৮ হাজার ৭০৩ কোটি টাকা দরপ্রস্তাব দিয়েছে বলেও জানান সচিব। গত বুধবার সিকদার রিয়েল এস্টেটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়, মন্ত্রণালয় থেকে মূল্যায়ন কমিটির ওপর চাপ সৃষ্টি করে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে। এ অভিযোগ অস্বীকার করে মূল্যায়ন কমিটির আহ্বায়ক জামিলুর রেজা চৌধুরী বলেন, "মন্ত্রণালয় থেকে আমাদের ওপর কোনো চাপ সৃষ্টি করা হয়নি।" সিকদারের কম দর প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, "কারিগরি প্রস্তাব মূল্যায়নে উত্তীর্ণ হলেই আর্থিক প্রস্তাব খোলা হয়। তারা (সিকদার রিয়েল এস্টেট) কারিগরি প্রস্তাবে উত্তীর্ণ না হওয়ায় তাদের আর্থিক প্রস্তাব খোলা হয়নি।" চুক্তি স্বাক্ষরের তিন বছরের মধ্যে মধ্যে কাজ শেষ করতে হবে নির্মাণকারী প্রতিষ্ঠানের। এক্সপ্রেসওয়েটি শাহজালাল বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, সাত রাস্তা, মগবাজার, কমলাপুর, খিলগাঁও, গোলাপবাগ হয়ে কুতুবখালী পর্যন্ত যাবে। এটি রেললাইনের ধার ঘেঁষে যাবে। তাই এক্সপ্রেসওয়ে নির্মাণে অধিকাংশই রেলের জমি ব্যবহার করা হবে। এছাড়া বেসরকারি কিছু জমিও অধিগ্রহণ করতে হবে। মূল এক্সপ্রেসওয়েটি হবে ২১ কিলোমিটার। এর সঙ্গে আরো ৫ কিলোমিটারের দুটি লিংক যুক্ত হবে। এর একটি হবে মানিক মিয়া থেকে সাতরাস্তায় এবং অন্যটি হবে পলাশী থেকে মগবাজারে। পিপিপির আওতায় হওয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ৭০ শতাংশ ব্যয় বহন করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ৩০ শতাংশ ব্যয় সরকার বহন করবে। তবে জমি অধিগ্রহণের ব্যয় নির্মাণ কাজের বাইরে ধরা হবে এবং এর খরচ বহন করবে সরকার। এক্সপ্রেসওয়েতে প্রতিটি গাড়ির জন্য টোল আদায় করা হবে। প্রতিটি কার, এসইউভি ও মাইক্রোবাসের জন্য ১২৫ টাকা। বাসের জন্য এর দ্বিগুণ এবং ট্রাকের জন্য কারের চার থেকে ছয়গুণ ভাড়া দিতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পর ২২ বছর ধরে টোল আদায় করা যাবে। নির্দিষ্ট সংখ্যার বেশি গাড়ি পেলে টোলের ২৫ শতাংশ পাবে সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঢাকার যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয়। গত ২৩ অগাস্ট প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প অনুমোদন করে মন্ত্রিসভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/১৭২৪ ঘ.