নাটোর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মাস তদন্তের পর উত্ত্যক্তকারী মামুনূর রশীদ আসিফ ও আব্দুল আউয়াল রাজনকে আসামি করে কলেজ শিক্ষক মিজানুর রহমান হত্যামামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
শনিবার বাগাতিপাড়া বিচারিক হাকিমের আদালতে বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) আব্দুর রহিম অভিযোগপত্র দাখিল করেন।
আগামী ২৪ জানুয়ারী অভিযোগপত্রের ওপর শুনানির দিন ধার্য হয়েছে।
দুই আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।
ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত ১২ অক্টোবর লোকমানপুর কলেজের সামনের রাস্তায় বখাটেদের হামলার শিকার হন ওই কলেজের শিক্ষক মিজানুর রহমান। অভিযোগ রয়েছে, মিজানুরের ওপর মটর সাইকেল উঠিয়ে দেন আসিফ ও রাজন। পরে তাকে রড দিয়ে পেটান।
গুরুতর আহত মিজান প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে ২৪ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। মিজানুরের ওপর হামলা সারাদেশেই তোলপাড় তোলে। তার মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তারের দাবিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করে শিক্ষক-শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে বলা হয়েছে, ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করাতেই বখাটেরা পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে মিজানুরকে।
মিজানের ভাই মামুনুর রশিদ ১৫ অক্টোবর আসিফ ও রাজনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মামলাটি করেন।
তদন্ত কর্মকর্তা রহিম সাংবাদিকদের বলেন, "ঘটনাটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় তদন্তের সময় আমি খুব সতর্কতা অবলম্বন করেছি। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম তদন্তে দিক-নির্দেশনা দিয়েছেন। বিশেষজ্ঞদের মতামত ও সাক্ষীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।"
"উত্ত্যক্ত করার প্রতিবাদ করাতে ক্ষুব্ধ হয়ে আসামিরা শিক্ষক মিজানুরকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে", বলেন তিনি।
পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করে মিজানুরের স্ত্রী রাজিয়া সুলতানা বলেন, "আমরা এখন বিচারের অপেক্ষায় থাকলাম। আশা করছি, আসামিরা সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে।"
পুলিশ কর্মকর্তারা জানান, ৬৪ দিন তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার বাদি মামুনুর রশিদসহ ৩০ জনকে সাক্ষী করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ২৮ জন সাক্ষীর জবানবন্দি নথিভুক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫২৫ ঘ.
bdnews24