২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজদের সন্ধানে বিক্ষোভ হা-মীম শ্রমিকদের

অগ্নিকাণ্ডের পর আশুলিয়ায় হা-মীম গ্রুপের কারখানাটি খুললেও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 04:50 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

সাভার, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্নিকাণ্ডের পর আশুলিয়ায় হা-মীম গ্রুপের কারখানাটি খুললেও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা। অগ্নিকাণ্ডের পর থেকে তাদের অনেক সহকর্মীর খোঁজ নেই জানিয়ে শ্রমিকরা আশঙ্কা করছে, নিখোঁজরা মারা গেছে। তবে তাদের মৃত্যুর তথ্য গোপন করা হয়েছে। তিন দিন বন্ধ থাকার পর শনিবার সকাল ৮টায় খুলে দেওয়া হয় 'দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার' নামে হা-মীম গ্র"পের নরসিংহপুরের ওই কারখানা। কাজে যোগ দেওয়ার পরপরই অনেক সহকর্মীকে না দেখে শ্রমিকরা বেরিয়ে পড়ে। সকাল সাড়ে ৮টার দিকে তারা কারখানা সংলগ্ন টঙ্গি-ডিইপিজেড সড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা রাস্তা ছাড়লেও কাজে না ফিরে কারখানার সামনে জড়ো হয়ে আছেন। নিখোঁজ অনেকের স্বজনও রয়েছেন সেখানে। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদের মালিকানাধীন বহুতল ওই কারখানায় মঙ্গলবার আগুন লাগে। অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হওয়ার তথ্য হাসপাতাল সূত্রে পাওয়া গেলেও হা-মীম কর্তৃপক্ষের দাবি, নিহতের সংখ্যা ২৩। ১১ তলাবিশিষ্ট ওই কারখানার শ্রমিকের সংখ্যা ৬ হাজার বলে কারখানা কর্তৃপক্ষ জানায়। তাদের হিসেবে আহতের সংখ্যা প্রায় ৪০। অগ্নিকাণ্ড তদন্তে সরকারি পর্যায়ে একটি এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুও ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আলাদা একটি তদন্ত কমিটি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইকবাল খান চৌধুরী নেতৃত্বাধীন সরকারি তদন্ত কমিটির শনিবারই কাজ শুরু করার কথা রয়েছে। অগ্নিকাণ্ডে নিহত প্রতি পরিবারকে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন হা-মীম গ্র"পের কর্ণধার আজাদ। বিজিএমইএ ১ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১০৪৫ ঘ.