ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ- এ স্লোগানকে সামনে রেখে ৭২টি দেশী-বিদেশী স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে, দুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র পৌঁছে দেওয়া, বস্তি এলাকায় দরিদ্র শিশুদের পাঠদান, বিভিন্ন এলাকায় পাঠাগার স্থাপন, ১৬ টি জেলায় ১৬টি করে বৃক্ষরোপণ, পথনাটক প্রদর্শনী, দেশের উন্নয়নের জন্য বিদেশের মাটিতে অনুদান সংগ্রহ, জলবায়ু পরিবর্তন বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করা ও দরিদ্র জনগোষ্ঠীর কাছে সাইবার সেবা পৌঁছে দেওয়া প্রভৃতি।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংগঠনগুলোর যৌথ সংবাদ সম্মেলনে এ সব কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্যে স্বেচ্ছাসেবী সংগঠন কমিউনিটি এ্যাকশনের সভাপতি নাবিলা ইদ্রিস বলেন, "আমরা যারা যেখানে আছি নিজেদের অবস্থান থেকে কাজ করে যাবো। এই ব্রত নিয়ে বিজয় দিবস উদযাপনে আমাদের এ উদ্যোগ।"
তিনি বলেন, "স্বাধীনতার অন্যতম লক্ষ্য সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি মাথায় রেখে আমরা একযোগে এসব কাজ করে যাবো।"
বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লে. কর্নেল সাজ্জাদ এ জহির মুক্তিযুদ্ধকালীন তাঁর দেখা বিভিন্ন ঘটনা সংবাদ সম্মেলনে তুলে ধরেন এবং সকলকে নিজেদের অবস্থান থেকে দেশ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, "গণমানুষের যুদ্ধে সকলে নিজেদের অবস্থান থেকে একযোগে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আমরা এ মুক্তিযুদ্ধকে শহরকেন্দ্রিক করে ফেলেছি। যদিও স্বাধীনতার সুফল দেশের সবপ্রান্তের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল।"
সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, কমিউনিটি অ্যাকশন, বাংলাদেশ ইয়্যুথ এনভায়রনমেন্টাল ইনেশিয়েটিভ (বিওয়াইইআই), ঢাকা মেডিকেল কলেজ, ল্যাবএইড গ্র"প, বিশ্ব সাহিত্য কেন্দ্র, লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ, বুয়েট ড্রামা সোসাইটি, জাগো ফাউন্ডেশন, এমআইটি বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটি ও ড্রেক্সেল ইউনিভার্সিটি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিওয়াইইআই'র সভাপতি সামির শিহাব।
গতবছর ৪০টি সংগঠন ও প্রতিষ্ঠান একযোগে এসব কার্যক্রম করেছিল। এবার তার সাথে আরো ৩২টি সংগঠন ও প্রতিষ্ঠান যোগ হয়েছে বলে সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪৪ ঘ.
bdnews24