২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরে যুদ্ধাপরাধের বিচার শেষ করতে আ.লীগের অঙ্গীকার

এক বছরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 05:25 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের শোভাযাত্রার আগে যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাস্তবায়নের এই অঙ্গীকার করেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বর্ণাঢ্য এ বিজয় শোভাযাত্রা শুরু হয়। নগরীর শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি মোড় ও কলাবাগান সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা সন্ধ্যা ৬টার পর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ও সমমনা বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় সভানেত্রী শেখ হাসিনার বিশালাকৃতির ছবি নিয়ে এ শোভাযাত্রায় অংশ নেয়। বিকাল ৩টার আগেই মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত পুরো রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায়। নগরীর বিভিন্ন এলাকা থেকে শুধু মিছিলই নয়, শত শত ট্রাকের মিছিল নিয়ে আসেন ঢাকার সাংসদরা। মিছিল-শ্লোগানে তারা মুখরিত করে তোলে আশপাশের এলাকা। খোলা ট্রাক, ঠেলা গাড়ী, গরুর গাড়ী, পিক-আপ ভ্যান, রিক্সা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনে প্রতীকী মুক্তিযোদ্ধা ও রাজাকার সাজিয়ে দলের কর্মীরা শোভাযাত্রায় আসে। বেশির ভাগ কর্মী ও সমর্থকদের মাথায় জাতীয় পতাকা খচিত ব্যান্ড, গায়ে ছিলো লাল-সবুজ পোষাক আর হাতে হাতে জাতীয় পতাকা। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বানিয়ে তার মধ্যে বসে গনসঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। শিশুদের প্রতীকী মাঝি-মাল্লা সাজিয়ে নৌকার দাঁড় টানার দৃশ্যও দেখা গেছে। শোভাযাত্রায় বঙ্গবন্ধুর ৭ মার্চের রেকর্ড করা ভাষণ বাজানো হয়। এছাড়া ব্যান্ড পার্টির বাদ্যের তালে তালে নাচতে দেখা গেছে অনেককে। খানিকটা শৃঙ্খলার অভাব থাকলেও উৎসব মুখর পরিবেশ বিরাজ করে শোভাযাত্রায়। পথচারীদের মধ্যেও তা উপভোগ্য হয়ে উঠে। গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাজিয়ে তার প্রতীকী ফাঁসির দৃশ্য ফুটিয়ে তোলা হয় শোভাযাত্রায়। ঢাকার সাংসদদের সমর্থক ও কর্মীরা খোলা ট্রাক, পিকআপ ভ্যান ও বাসসহ বিভিন্ন যানবাহনে করে শোভাযাত্রায় আসে। দলের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতি ছিল কম। দেখা যায়নি মহাজোটের অন্য শরীক দলের নেতাদেরও। শোভাযাত্রার আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের রাস্তায় খোলা ট্রাকে মঞ্চ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজয় শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণার আগে বক্তৃতায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করার জন্য সরকারকে ধন্যবাদ জানান। সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তার প্রসঙ্গে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "বিজয় দিবসে একটা রাজাকার ধরা পড়েছে। রাজাকাররা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ইলেকট্রিক চেয়ারে বসিয়ে শক দিয়ে মারত। আর সা কা চৌধুরী হাসত।" তিনি বলেন, "নির্বাচনের সময় যুদ্ধাপরাধীদের বিচার করার প্রতিশ্র"তি দিয়েছিলেন শেখ হাসিনা। আগামী এক বছরের মধ্যে এই বিচার করে জনগনকে দেওয়া নির্বাচনী ওয়াদা আমরা পুরণ করবো।" সাজেদা চৌধুরী তার বক্তৃতার শেষে বিকাল পৌনে ৪টার দিকে বিজয় শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন। এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরী দম্ভ করে বলতো তাকে গ্রেপ্তার করা সরকারের সাহসে কুলাবে না। মুক্তিযোদ্ধাদের রক্তে যার হাত সিক্ত তাকে গ্রেপ্তার করতে শেখ হাসিনা কেন, কোন বাঙালীই ভীত নন।" যুদ্ধাপরাধীদের বিচারে দৃঢ়তা প্রকাশ করে তিনি বলেন, "বিচারের মাধ্যমে জামাত-শিবির-রাজাকারসহ সকল যুদ্ধাপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে।" আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, "বিজয় দিবসে সবচেয়ে বড় অর্জন একজন রাজাকার ধরা পড়েছে। এতে প্রমাণ হয়েছে কেউ খুটির জোরে আইনের উর্ধ্বে থাকতে পারেন না। সংসদ সদস্য হোন আর যেই হোন সে আইনের অধীনেই গ্রেপ্তার হয়েছেন, তাকে আইন মোকাবিলা করতে হবে।" সালাহউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তার প্রসঙ্গে সুরঞ্জিত আরো বলেন, বিলম্বে হলেও দেশবাসীর প্রত্যাশা পুরণ হয়েছে। আগামী জানুয়ারি থেকে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হবে এটাই হোক আজকের বিজয় দিবসের অঙ্গীকার। শোভাযাত্রায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মেজবাহউদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ ঢাকা মহানগরীর সাংসদরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/২৩১৪ ঘ.