২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে নেওয়া হচ্ছে সাকা চৌধুরীকে

মগবাজারের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 08:19 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মগবাজারের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান কার্যালয় থেকে সালাউদ্দিনকে নিয়ে বৃহস্পতিবার দুপুর ২টার কিছু সময় পর পুলিশের একটি গাড়ি বের হয়। এটি পুরান ঢাকায় আদালতের দিকে রওনা হয়েছে। সালাউদ্দিনের গাড়ি বের হওয়ার সময় তার স্ত্রী ও ছেলেরা গাড়ির সামনে দাঁড়ায়। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়। ওই সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছিলো। ভোররাতে গ্রেপ্তারের পর বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিলো। যুদ্ধাপরাধের অভিযোগে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোররাতে বনানীর একটি বাড়িতে গ্রেপ্তার হন সংসদ সদস্য সালাউদ্দিন কাদের। তবে রমনা থানার ওসি শিবলী নোমান সাংবাদিকদের জানান, মগবাজারে গত ২৬ জুন গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিএনপির ডাকা হরতালের একদিন আগে গত ২৬ জুন মগবাজার রেলক্রসিংয়ের কাছে একটি প্রাইভেটকারে আগুন ধরানো হয়। এতে আহত হন দুজন। অগ্নিদগ্ধ ফারুক হোসেন পরে হাসপাতালে মারা যান। এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহসভাপতি শমসের মবিন চৌধুরীসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারাও আসামি। চট্টগ্রামের সংসদ সদস্য সালাউদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম বিএনপি বন্দরনগরীতে রোববার আধাবেলা হরতাল ডেকেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৪১৭ ঘ.