কুষ্টিয়া, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জন নিহত হয়েছে। নিহত মোশাররফ হোসেন মুসা (৩৫) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১২ এর কুষ্টিয়া ইউনিটের অধিনায়ক মেজর এসএম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার প্রথম প্রহরে দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের আংদিয়া গ্রামে ওই 'বন্দুকযুদ্ধ' হয়।
নিহত মোশাররফের বাড়ি ওই গ্রামেই।
র্যাব কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আংদিয়া গ্রামে গ্রামের কাঁচা সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় চরমপন্থীরা র্যাবের একটি টহল দলকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।
'বন্দুকযুদ্ধ'র পর অন্য চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে মোশাররফের লাশ পাওয়া যায় বলে তিনি জানায়।
র্যাব জানিয়েছে, ঘটনাস্থলে দুটি বন্দুক ও চারটি তাজা বোমা পাওয়া গেছে।
দৌলতপুর থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুসার বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৩৩০ ঘ.
bdnews24