২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকাকে গ্রেপ্তার দেখানো হলো মগবাজারে গাড়ি পোড়ানোর মামলায়

মগবাজারে গত ২৬ জুন গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2010, 07:17 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মগবাজারে গত ২৬ জুন গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রমনা থানার ওসি শিবলী নোমান বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরের পর বিএনপি নেতাকে আদালতে পাঠানো হবে। বিএনপির ডাকা হরতালের একদিন আগে গত ২৬ জুন মগবাজার রেলক্রসিংয়ের কাছে একটি প্রাইভেটকারে আগুন ধরানো হয়। এতে আহত হন দুজন। অগ্নিদগ্ধ ফারুক হোসেন পরে হাসপাতালে মারা যান। যুদ্ধাপরাধের অভিযোগে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোররাতে বনানীর একটি বাড়িতে গ্রেপ্তার হন সংসদ সদস্য সালাউদ্দিন কাদের। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম বিএনপি বন্দরনগরীতে রোববার আধাবেলা হরতাল ডেকেছে। গ্রেপ্তারের পর সালাউদ্দিন কাদেরকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সকালে সাংবাদিকদের বলেন, "কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাও পুলিশ জানাচ্ছে না। তার বিরুদ্ধে কোনো মামলায়ই গ্রেপ্তারি পরোয়ানা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৩১৫ ঘ.