২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিপি-পুলিশ সংঘর্ষে আহত ২৫

খাগড়াছড়ি সদরে বুধবার পুলিশের সঙ্গে পাহাড়ি ছাত্র পরিষদ কর্মীদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 06:21 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

খাগড়াছড়ি, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি সদরে বুধবার পুলিশের সঙ্গে পাহাড়ি ছাত্র পরিষদ কর্মীদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইউপিডিএফ সমর্থক পাহাড়ি ছাত্র পরিষদের ১৭ কর্মীকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে ইউপিডিএফ সমর্থকার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের আড়াইমাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক ভাংচুর করে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রয়েছেন- খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি মাহফুজুল ইসলাম, সদর থানার ওসি আবুল কালাম আজাদসহ সাত পুলিশ। তাৎক্ষণিকভাবে সবার নাম জানা যায়নি। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আটকদের ছেড়ে না দিলে আগামী ১৭ ডিসেম্বর খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ সকাল সন্ধ্যা সড়ক অবরোধের হুমকি দিয়েছে। খাগড়াছড়ির নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টায় সদরের স্বনির্ভর এলাকায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের একাদশ কাউন্সিল অধিবেশন বসে। এরপর দুপুর ২টার দিকে ইউনাইটেড পিপলস ডেমক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থক পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) একটি মিছিল বের করে। মিছিলটি টিউফা জুনিয়র হাইস্কুলের সামনে এলে পুলিশ বাধা দেয়। এতে দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় পিসিপিকর্মীরা পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে ৪০ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্য থেকে ২৩ জনকে ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকাল ৫টায় সেনাবাহিনী নামানো হয়। ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আরো বলেন, পিসিপিকে শর্তসাপেক্ষে এলাকায় কাউন্সিল করার অনুমতি দেওয়া হয়েছিল। তাতে সমাবেশ ও মিছিল করার অনুমতি ছিল না। ইউপিডিএফ এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ আটককৃতদের ছেড়ে না দিলে আগামী ১৭ ডিসেম্বর খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ সকাল সন্ধ্যা সড়ক অবরোধ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/০০০০ ঘ.