ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পর্যায়ের ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
অতিরিক্ত সচিবদের মধ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত খলিলুর রহমানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব বেগম দিলরুবাকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহণ কমিশনার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনঃনির্মাণ ও সংস্কার প্রকল্পের পরিচালক যুগ্ম-সচিব আব্দুন নূর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
উপসচিবদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাজী আবদুন নূরকে 'হাইজিন, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই' প্রকল্পের পরিচালক এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত রনজিত চন্দ্র সরকারকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে প্রেষণে নিয়োজিত উপসচিব জাহানারা পারভীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া ডাক বিভাগের ময়মনসিংহের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এসএম তারিককে পরিবেশ অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২০০৯ ঘ.
bdnews24