ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধীনার গুলশান ক্লাব লিমিটেডের করা রিট আবেদন সোমবার খারিজ করেছে হাইকোর্ট। ফলে ক্লাবটিকে আয়কর দিতে হবে।
আয়কর দেওয়া থেকে অব্যাহতি চেয়ে ক্লাবটির করা রিট আবেদন খারিজ করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এসএম এমদাদুল হকের বেঞ্চ।
রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, "এই রায়ের ফলে গুলশান ক্লাব এখন আয়কর অব্যাহতি চাইতে পারবে না। ওই ক্লাবকে আয়কর দিতে হবে।"
আয়কর দেওয়া থেকে অব্যাহতি চেয়ে গত ১২ ফেব্র"য়ারি গুলশান ক্লাব হাইকোর্টে একটি রিট আবেদন করে।
অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গুলশান ক্লাব আয়কর দিতে বাধ্য নয় বলে কেন ঘোষণা করা হবে না- তার কারণ জানাতে গত ৮ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দেয় হাইকোর্ট।
একই আদেশে হাইকোর্ট গুলশান ক্লাবকে আয়কর রিটার্ন জমা দেওয়া থেকে অব্যাহতিও দেয়। আপিল বিভাগ হাইকোর্টের ওই আদেশ ২০ এপ্রিল স্থগিত করে।
সোমবার শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান ও ফাতেমা এস চৌধুরী।
সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রহিম ভুইঞা ও সহকারী অ্যাটর্নি জেনারেল এস এম মুনিরুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৯০৮ ঘ.
bdnews24