ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) নির্বাচনে 'অনিয়ম ও জালিয়াতির' অভিযোগ করেছে বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
সংগঠনটির পক্ষ থেকে নির্বাচনী 'অনিয়ম ও জালিয়াতি' তদন্তে সাবেক সভাপতি ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠনেরও প্রস্তাব করা হয়।
রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ্যাবের আহ্বায়ক ও আইইবি'র প্রাক্তন সভাপতি প্রকৌশলী আনহ আখতার হোসেন এ অভিযোগ করেন।
এসময় মহাসচিব হারুনুর রশীদ, মহসীন আলী, মহিদ রুমি ও মিয়া মো. কাইয়ুম উপস্থিত ছিলেন।
আখতার হোসেন অভিযোগ করেন, নির্বাচনে ঢাকার দুটি কেন্দ্রে সদরদপ্তরের ভোট গণনা করা হয় চার হাজার ৬৮১টি। কিন্তু একইসঙ্গে ঢাকা কেন্দ্রের জন্য ভোট গণনা করা হয় মাত্র চার হাজার ১৭৪টি। এতে ৫০৭টি ভোট কম গণনা হয়। এর ভিত্তিতেই ফলাফল ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল বাতিল, ভোট পুনর্গণনা এবং প্রয়োজনে পুনঃনির্বাচনের দাবি জানানো হয়।
গত ৯ ডিসেম্বর ঢাকাসহ গোটা দেশের বিভিন্ন কেন্দ্রে আইইবি'র কেন্দ্রীয় ও বিভিন্ন আঞ্চলিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নূরুল হুদা ও আব্দুস সবুর পরিষদ বিজয়ী হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৫৯ ঘ.
bdnews24