ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর ও শেরপুরে রোববার পুলিশ অজ্ঞাত পরিচয় দু'টি লাশ উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাদারীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার কাজীরটেক ফেরিঘাট সংলগ্ন চর পখিরা এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীরে এক তরুণের (২৭) লাশ পাওয়া গেছে।
মাদারীপুর সদর থানার ওসি মো.কাইয়ুম আলী সরদার বলেন, শনিবার রাতে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ মাদারীপুর থানায় একটি মামলা করেছে।
শেরপুর প্রতিনিধি জানান, শ্রীবরদী উপজেলার চাংপাড়া গ্রামের একটি ধানক্ষেতে সকালে এক তরুণীর (২০) গলাকাটা লাশ পাওয়া গেছে।
শ্রীবরদী থানার ওসি পিএসএন মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার রাতে দুবর্ৃৃত্তরা গলা কেটে এই তরুণীর লাশ ধানক্ষেতে ফেলে রেখে যায়। পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
তার পরনে লাল রংয়ের স্যালোয়ার ও কামিজ ছিল।
ময়নাতদন্তের জন্য লাশ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১৭ ঘ.
bdnews24