রাজশাহী, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মানহানি মামলায় 'দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছে রাজশাহীর একটি আদালত।
রোববার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান এ আদেশ দেন। আদালত আগামী ২৬ জানুয়ারি শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
শনিবার সন্ধ্যায় মাহমুদুর রহমানকে কাশিমপুর কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়। শুনানি শেষে তাকে আদালত থেকে আবারো রাজশাহী কারাগারে নেওয়া হয়।
মামলার অন্য দুই আসামি হাসমত আলী ও আনিছুর রহমান বর্তমানে জামিনে রয়েছেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক মো. হাসমত আলী ও রাজশাহী প্রতিবেদক সরদার এম আনিছুর রহমানকে আসামি করে মামলা করেন।
গত ২১ সেপ্টেম্বর আমার দেশ পত্রিকায় 'ইমেজ সঙ্কটে রসিক মেয়র, ২৩ প্রতিশ্র"তির কোনোটিই পূরণ হয়নি' শিরোনামে খবর প্রকাশ হয়।
প্রকাশিত খবরে মেয়রের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে তার মান ক্ষুন্ন করা হয়েছে দাবি করে দু'দিন পর এ মামলা করা হয়।
বিবাদীপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আবুল কাশেম, জমসেদ আলী, মাইনুল আহসান পান্না প্রমুখ। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট আসলাম সরকারসহ কয়েকজন আইনজীবী।
এদিকে মাহমুদুর রহমানকে আদালতে হাজির করার খবরে বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নেতাকর্মীরা আদালত চত্বরে উপস্থিত হন। তার মুক্তি দাবি করে পরে সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24