মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ইপিজেডে সংঘর্ষে নিহত হয়েছে তিনজন। রোববার দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে পুলিশসহ প্রায় ১০০ জন। ৩১ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছুটি দেওয়া হয়েছে সব কারখানায়।
প্রায় পাঁচ ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে পুলিশ ও র্যাব বিক্ষুব্ধ শ্রমিকদের ইপিজেড এলাকা থেকে হটিয়ে দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ওই সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের হটানোয় অংশ নেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরাও।
পুলিশ জানিয়েছে, সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অন্তত আটটি কারখানায় ভাংচুর চালিয়েছে শ্রমিকরা। ভাংচুর করেছে ৩০টি গাড়ি। পোড়ানো হয়েছে দুটি মটর সাইকেল।
কোরীয় মালিকানাধীন ইয়াং ওয়ান কর্পোরেশনের একটি কারখানা থেকে শনিবার শ্রমিক অসন্তোষের সূত্রপাত। নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন বাড়ার ক্ষেত্রে বৈষম্য হয়েছে- এ অভিযোগে শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ-ভাংচুরের পর রাতে প্রতিষ্ঠানটি তাদের সব কারখানা বন্ধ করে দেয়।
নিহত তিন
সংঘর্ষে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
বিকাল ৫টায় ইপিজেড এলাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খানের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. আবুল কাশেম সংঘর্ষে তিনজনের মুত্যুর খবর নিশ্চিত করেন।
এদের মধ্যে আরিফুল ইসলাম (২৩) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি রিকশাচালক।
তিনজনের মৃত্যু কীভাবে হয়েছে- জানতে চাওয়া হলে পুলিশ কর্মকর্তা কাশেম বলেন, "তিনজনের লাশ পাওয়া গেছে। এদের ময়নাতদন্তের পর বোঝা যাবে, কী কারণে তাদের মৃত্যু হয়েছে।"
জামিল আহমেদ বলেন, সোমবার সকাল থেকেই সব কারখানা চালু হবে। তবে ইয়াংওয়ান কর্পোরেশনের ক্ষতির পরিমাণ যেহেতু বেশি তাই তাদের কারখানা চালু করতে আরো কিছুদিন সময় লাগবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য এমএ লতিফ।
সংঘর্ষচিত্র
রোববার সকাল ৮টায় কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে বলে স্থানীয়রা জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শ্রমিকরা ইপিজেডের ভেতরে কয়েকটি কারখানায় হামলা চালায়। তারা বাইরে থেকে কিছু ভাংচুরের পর বাধা পেয়ে ইপিজেড সংলগ্ন সড়কে নেমে আসে। এরপর পতেঙ্গা থেকে চট্টগ্রাম শহরমুখী এয়ারপোর্ট রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
কয়েক হাজার শ্রমিক এয়ারপোর্ট রোডের ইপিজেড মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। অল্প সংখ্যক পুলিশ ও আনসার সদস্য ইপিজেডের ফটক বন্ধ করে শ্রমিকদের ভেতরে ঢুকতে বাধা দেয়।
শ্রমিকরা লাঠি-সোঁটা নিয়ে সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এরপর ইপিজেড মোড়ের বে শপিং সেন্টার ও ঝনক প্লাজা নামে দুটি বিপণি বিতানে ভাংচুর চালায়।
দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা ইপিজেডের ফটকের কাছে একটি বাসে আগুন ধরিয়ে দেয়।
দুপুর সোয়া ১২টার দিকে অতিরিক্ত পুলিশ ও র্যাব গিয়ে জলকামান থেকে পানি, কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে শ্রমিকদের ইপিজেড মোড় থেকে হটিয়ে দেয়। ওই সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগ দেয় ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা।
ইপিজেড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা সাড়ে ৯টার দিকে রাস্তায় নেমে আসে।"
ইপিজেডের সিবিসি অপটিন্যাক্স নামে একটি জাপানি কারখানার ব্যবস্থাপক মোহাম্মদ ফারুকী বলেন, "এ রকম অবস্থা আমার ১৫ বছরের চাকরি জীবনে আর দেখিনি।"
শ্রমিকরা তার কারখানাসহ অনেকগুলো কারখানায় ভাংচুর চালায় বলে জানান তিনি। শনিবার সংঘর্ষের পর রোববার নিরাপত্তা জোরদার করা উচিত ছিলো বলেও মন্তব্য করেন ফারুকী।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপকশিশনার (বন্দর) কুসুম দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্ধ ইয়াং ওয়ানের শ্রমিকদের সকালে পুলিশ বুঝিয়ে শান্ত করার চেষ্টা করলেও তারা উত্তেজিত হয়ে ইপিজেডে ভাংচুর চালায়। শ্রমিকরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালালে পুলিশ তাদের কারখানার বাইরে হটিয়ে দিলে সেখানেও তারা ভাংচুর শুরু করলে পুলিশ ব্যবস্থা নেয়।"
সকালের সংঘর্ষের পর থেকে ইপিজেডের মূল ফটক বন্ধ করে দেওয়া হলেও দুপুর সাড়ে ১২টার দিকে তা খুলে দেওয়া হয়। ইপিজেডের ১৭০টি কারখানার সবগুলোতেই ছুটি ঘোষণা করলে শ্রমিকরা একযোগে বেরিয়ে আসেন।
'সাত পুলিশ সদ্যস্যের অবস্থা আশঙ্কাজনক'
সিএমপি কমিশনার আবুল কাশেম সংবাদ সম্মেলনে জানান, সংঘর্ষে ৫৬ পুলিশ সদস্য আহত হয়েছে।
আহতদের ১৫ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- সিএমপি'র সহকারী পুলিশ কমিশনার (সরবরাহ) মিজানুর রহমান, দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক কুতুব চৌধুরী, পুলিশ কনস্টেবল নুরুজ্জামান (২৩), কনস্টেবল মো. মহিউদ্দিন (২৫), ট্রাফিক সার্জেন্ট মাহবুব (৪০), ইপিজেড এলাকার শ্রমিক কালাম মিয়া (২৮), আল আমীন (২৮), মনির (২৮), আবু সাঈদ (২৭), ঠেলাগড়ি চালক মো, বশির (২৬), শ্রমিক হাফিজুুল, স্থানীয় একটি শপিং সেন্টারের দোকানদার জসিম (২৫), শ্রমিক আবুল কাশেম (৩৩), ওই এলাকার বাসিন্দা ফারুক আহমেদ চৌধুরী।
বাকিরা চমেক হাসপাতাল, দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল ও নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে সাত পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা কশিনার। এরা হলেন
bdnews24