ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের ভাংচুর না করার আহ্বান জানিয়ে পোশাক শিল্পে ন্যূনতম মজুরি কাঠামো পর্যালোচনার আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বেতন নিয়ে অসন্তোষে রোববার ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভের পর তিনি এ আশ্বাস দেন।
শ্রমমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ২০১০ সালে ঘোষিত সর্বশেষ ন্যূনতম মজুরি কাঠামোর বৈষম্যগুলো পর্যালোচনা করে দূর করা হবে।
শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয়ে কিছু বৈষম্য থাকার কথা স্বীকার করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, "আনুষ্ঠানিকতা শেষ করেই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়। তারপরও নতুন কাঠামোতে কিছু বৈষম্য রয়েছে।"
শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, "কোনো অভিযোগ থাকলে তা সরকারকে জানান। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না।"
চলতি বছরের ২৮ এপ্রিল গঠন হওয়া নিুতম মজুরি বোর্ড গত ২৯ জুলাই ন্যূনতম নতুন মজুরি কাঠামো ঘোষণা করে। এতে তিন হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। আর শিক্ষানবিশ শ্রমিকদের জন্য মজুরি নির্ধারণ করা হয় আড়াই হাজার টাকা। এই ন্যূনতম মজুরি নভেম্বর থেকে কার্যকরের ঘোষণাও দেওয়া হয় তখন।
তবে এ কাঠামো প্রত্যাখ্যান করে রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাংচুর চালায়। বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
মন্ত্রী জানান, বৈষম্যগুলো দূর করে নতুন যে কাঠামো হবে, তা গত নভেম্বর মাস থেকেই কার্যকর হবে।
এরপরও বিশৃঙ্খলা হলে তা দমনের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, সে ক্ষেত্রে আইন নিজের গতিতে চলবে।
গার্মেন্টস অস্থিরতার বিষয়টি গোয়েন্দারা খতিয়ে দেখছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, গার্মেন্টস অস্থিরতার পেছনে অন্য সময়ের মতো এবারো একটি চক্রের হাত থাকতে পারে।
পোশাক শিল্পে চলমান অস্থিরতা নিয়ে এর আগে মন্ত্রী এফবিসিসিআই সভাপতি একে আজাদ, বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্রের সঙ্গে বৈঠক করেন।
চট্টগ্রাম ইপিজেডে সহিংসতায় একজন নিহত হওয়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, "সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলো। ওই সময় বিশৃঙ্খলার মধ্যে পড়ে একজন রিকশাচালক মারা গেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"
তিনি বলেন, "চট্টগ্রামে বন্ধ হওয়া ১৭টি কারখানা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে। এজন্য সেখানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষর (বেপজা) চেয়ারম্যান গেছেন। তিনি আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬০৪ ঘ.
bdnews24