ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাংচুরের পর পুলিশ শ্রমিকদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দিলে রাজধানীর কুড়িলে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়েছে।
পরিস্থিতি এখন শান্ত বলে রোববার সকাল সাড়ে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাড্ডা থানার ওসি মুজিবুর রহমান।
বেতন নিয়ে অসন্তোষ থেকে কিমিয়া গার্মেন্টসের শ্রমিকরা সকাল ৮টার দিকে কারখানা সংলগ্ন কুড়িল বিশ্বরোড অবরোধ করে। ফলে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাংচুর ও দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, সকাল ১০টা পর্যন্ত শ্রমিকরা শান্ত থাকলেও এরপর সহিংস হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পৌনে ১১টার দিকে পুলিশ শ্রমিকদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইট ছোড়ে।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শ্রমিকদের ছোড়া ইটে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বাড্ডা থানার ওসি মুজিবুর রহমান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন কাঠামো অনুযায়ী বেতন এবং কিছু বকেয়া বেতনের দাবিতে কিমিয়া গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
পরে তাদের সঙ্গে যোগ দেয় সিনহা অ্যাপারেলসের শ্রমিকরা। এ কারখানাটি শনিবার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
তবে এ বিষয়ে দুটি কারখানার কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নতুন কাঠামো অনুযায়ী বেতনের দাবিতে গত কয়েকদিনে নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে কয়েকটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআর/এমআই/১১৪৫ ঘ.
bdnews24