২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার দাবিতে সোচ্চার মৌসুমীর গ্রাম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কুতুবাকুড়া গ্রামের জান্নাতুন নেছা মৌসুমী বখাটেদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

শেরপুর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কুতুবাকুড়া গ্রামের জান্নাতুন নেছা মৌসুমী বখাটেদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৌসুমীর গ্রামের মানুষ এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এই ঘটনায় জড়িত ৮ বখাটে একে একে পুলিশের কাছে আত্মসমর্পণ করে এখন জেল হাজতে রয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নিভৃত গ্রাম কুতুবাকুড়া। ওই গ্রামের কৃষক সামছুল হকের একমাত্র সন্তান জান্নাতুন নেছা মৌসুমী। স্থানীয় নিশ্চিন্তপুর সিনিয়র আলীম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী হিসেবে জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। কুতুবাকুড়ার পাশের গ্রাম নিশ্চিন্তপুর। ওই গ্রামের আব্দুর রশিদের বখাটে ছেলে সোহেল মিয়া (২০) মৌসুমীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলো। এতে সাড়া না পেয়ে সোহেল মিয়া সহযোগী বখাটেদের সঙ্গে নিয়ে গত ৬ ডিসেম্বর রাতে মৌসুমীকে অপহরণ করার চেষ্টা চালায়। মৌসুমী চিৎকার দিলে তার পেটে ছুরিকাঘাত করে বখাটেরা পালিয়ে যায়। মৌসুমীকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন সে সেখানেই চিকিৎসাধীন। চিকিৎসকরা বলেছেন, তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। ঘটনার পর মৌসুমীর পিতা সামছুল হক সোহেলসহ ৮ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনা জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌসুমীর চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন। ইতোমধ্যেই মৌসুমীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নগদ টাকা প্রদানসহ সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিদের ধরতে না পারায় মামলার তদন্তকারী কর্মকর্তা জহুরুল ইসলামকে দায়িত্বকাজে অবহেলার অভিযোগে গত ৮ ডিসেম্বর শেরপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান নিশ্চিন্তপুর গ্রামে রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধিদের সঙ্গে ৯ ডিসেম্বর রাতে বৈঠক করেন। অভিযুক্ত বখাটেদের অভিভাবকরাও বৈঠকে ছিলেন। এই বৈঠকের পর অভিযুক্ত ৮ বখাটে পর্যায়ক্রমে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। বর্তমানে তারা জেলা কারাগারে রয়েছে। মৌসুমীর পরিবার, এলাকাবাসী, মৌসুমীর সহপাঠি, সংশ্লিষ্ট মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকরা এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মৌসুমীর প্রতিবেশী কৃষক মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক। দোষীদের শাস্তি হওয়া জরুরী।" নিশ্চিন্তপুর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী রেবেকা সুলতানা রুপা বলেন, "এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্যে বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।" স্থানীয় কলেজ শিক্ষক আব্দুর রউফ বলেন, "বখাটেরা বাড়ির পিছন দিয়ে এসে মৌসুমীকে অপহরণ করতে না পেরে ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে।" মৌসুমীর পিতা কৃষক সামছুল হক বলেন, "প্রধানমন্ত্রী আমার মেয়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে আমি খুবই খুশি হবো।" মৌসুমীর সহপাঠি মো. সাব্বির হোসেন বলেন, "মৌসুমীকে যারা ছুরিকাঘাত করেছে আমি তাদের শাস্তি চাই।" নিশ্চিন্তপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হাতেম আলী বলেন, "সোহেল দীর্ঘদিন থেকেই আমার ছাত্রী মৌসুমীকে উত্যক্ত করে আসছিল। এ ব্যাপারে এলাকায় কয়েক দফা দেন-দরবার হওয়ার পর বখাটেদের তৎপরতা কিছুটা কমে গিয়েছিল। কিন্তু ৬ ডিসেম্বর মৌসুমীকে অপহরণে ব্যর্থ হয়ে বখাটেরা তাকে ছুরিকাঘাত করেছে।" অধ্যক্ষ হাতেম আলী বলেন, "মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি এ ঘটনায় বৈঠকে বসে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। ভবিষ্যতে যাতে এলাকায় এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আমরা সকলেই সচেষ্ট হয়েছি।" শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, মৌসুমীর পরিবার যাতে ন্যায় বিচার পায় সে ব্যাপারে সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারেও জেলায় জনসচেতনতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭০৪ ঘ.