২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেনাবাহিনী আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের জন্য বেশি দায়ী'

আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের জন্য সেনাবাহিনীকে সবচেয়ে বেশি দায়ী করেছে দেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর একটি সংগঠন কাপেং ফাউন্ডেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 10:17 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের জন্য সেনাবাহিনীকে সবচেয়ে বেশি দায়ী করেছে দেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর একটি সংগঠন কাপেং ফাউন্ডেশন। গত দুই বছরে আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে তারা এ অভিযোগ তুলেছে। অভিযোগের পক্ষে তারা এক পরিসংখ্যানে জানিয়েছে, পাহাড়ে বসতি স্থাপনকারী বাঙালি এবং সামরিক বাহিনী হাতে ধর্ষণের শিকার হয়েছেন ১৪ জন আদিবাসী নারী। এছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গত দুই বছরে নয় নারীসহ ১৫ জন আদিবাসী খুন হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। রাজধানীর কাঁটাবনে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে কাপেং ফাউন্ডেশনের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, আদিবাসী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মেসবাহ কামাল প্রমুখ। কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা প্রতিবেদনের মূল বিষয়গুলো তুলে ধরেন। প্রতিবেদনে আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে বলা হয়, "সরকার জাতীয় মানবাধিকার কমিশন গঠন করেছে। কিন্তু এর সবচেয়ে বড় দুর্বল দিক হচ্ছে- সেনা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কমিশনের আওতায় আনা হয়নি। অথচ সেনাবাহিনী-ই আদিবাসীদের মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন করছে।" কাপেং ফাউন্ডেশন বলছে, শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম এলাকার ৫৪৩টি অস্থায়ী সেনা ছাউনি (ক্যাম্প) প্রত্যাহারের কথা। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৩৫টি প্রত্যাহার হয়েছে। অন্য ছাউনিগুলো প্রত্যাহারে তেমন কোনো উদ্যোগও নেই। বরং এসব প্রত্যাহার করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে পার্বত্য এলাকায় বসতি স্থাপনকারী বাঙালি এবং সামরিক বাহিনীর হাতে পাঁচ নারীসহ সাতজন এবং সমতল এলাকায় চার নারীসহ আটজন খুন হয়। এ সময় পার্বত্য এলাকায় আদিবাসীদের ৫১১টি বসতবাড়ি এবং সমতল এলাকায় ৭৪টি বাড়ি ভাংচুর ও ধ্বংস করা হয় বলে এতে বলা হয়। এসব ঘটনায় আরো কমপক্ষে ৯৭ জন আহত হয়। পুলিশ এসব ঘটনায় তিনজন আদিবাসীকে গ্রেপ্তার ও সাতজনকে আটক করে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং বাজেট বৈষম্যের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, দেশে বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ১ দশমিক ১৩ শতাংশ আদিবাসী। কিন্তু এদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বাজেটের শূন্য দশমিক ৩২ শতাংশ। শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের পাঁচ শতাংশ কোটাও মানা হচ্ছে না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি রাব্বানী বলেন, "সংবিধানে আদিবাসীদের অধিকার নিশ্চিত না হওয়ায় এ বৈষম্য হয়েছে। এখন তাদের অধিকার সমুন্নত রাখার সুযোগ এসেছে। সংবিধান সংশোধনের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। "সংবিধানে তাদের অধিকার নিশ্চিত করা, পার্বত্য এলাকার জন্য নতুন প্রজাস্বত্ত্ব আইন প্রণয়ন করা ও আদিবাসীদের জন্য একটি পৃথক আদিবাসী একাডেমি স্থাপনের মাধ্যমে এ বৈষম্য কমিয়ে আনা সম্ভব।" পার্বত্য ভূমিতে আদিবাসীদের অধিকার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। বেসরকারি সংস্থা অক্সফামের সহায়তায় সংগঠনটি প্রতিবেদনের তথ্য সংগ্রহ ও তা প্রকাশ করেছে। এর আগে ২০০৮ সালেও এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করে বলে জানান মঙ্গল কুমার চাকমা। অনুষ্ঠানে ইংরেজি দৈনিক ডেইলি সান সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন আদিবাসীদের জাতিসত্ত্বা ও সঠিক সংখ্যা নিরূপণ এবং আদিবাসীদের 'উপজাতি' সম্বোধনে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। কাপেং ফাউন্ডেশনের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অক্সফামের আবাসিক প্রতিনিধি গারেথ প্রাইস জোনস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডালেম চন্দ্র বর্মন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এএইচ/এমআই/১৬০০ ঘ.