ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ লাখ টাকার চোরাই পোশাকসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা বিভাগের (উত্তর) এসি ওবাদুর রহমানের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
সোমবার আশুলিয়া থানার নতুন ইপিজেড এলাকার শাহীন ফ্যাশন গার্মেন্টস থেকে হিমালয় লজিস্টিক সার্ভিস ট্রান্সপোর্ট এজেন্সীর একটি কাভার্ড ভ্যানে করে ২৯৪ কার্টন জ্যাকেট রপ্তানির জন্য চট্টগ্রাম সমুদ্র বন্দরে নিয়ে যাওয়াটুহচ্ছিলো। পথে ভ্যানের চালক ও হেলপারের সহযোগিতায় ১০০ কার্টন জ্যাকেট চুরি হয়ে যায়।
ট্রান্সপোর্ট মালিক এ বিষয়ে গোয়েন্দা পুলিশে অভিযোগ করেন।
এ ব্যাপারে গোয়েন্দা বিভাগের (উত্তর) সহকারি কমিশনার ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে প্রায়ই রপ্তানির পোশাক চুরি হয়। একারণে রপ্তানি পোশাক শিল্প মালিকরা সময় মত পোশাক রপ্তানি করতে ব্যর্থ হন এবং বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এর ফলে বিদেশেও বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে।"
তিনি আরো বলেন, "বিষয়টি চাঞ্চল্যকর। তাই চোরাই মালামাল উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়।"
ট্রান্সপোর্ট মালিকের সহযোগিতায় কাভার্ড ভ্যানের চালক মুরাদ (২০) ও হেলপার ইসমাইল হোসেনকে (২০) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকায় তারা এই চক্রের সদস্যদের সহযোগিতায় কাভার্ড ভ্যান থেকে পোশাকের কার্টন চুরি করে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মিজানুুর রহমান (৩০) ইসমাইল হোসেন (৩৫), বিল্লাল হোসেন (৩৫), নবী হোসেন (৩৮) মো. আলামিন (১৮) মো. মিজানুর রহমানকে (২০) গ্রেপ্তার করে পুলিশ।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী মিরপুর থানার ৬নং সেকশনের ৯/৩ নং বাড়ির একটি গুদামে অভিযান চালানো হয়। সোমবার চুরি যাওয়া পোশাকসহ প্রায় বিশ লাখ টাকার ১৪২ বস্তা রপ্তানির চোরাই পোশাক উদ্ধার করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/২২২১ ঘ.
bdnews24