২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উড়াল পথে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি'

রাজধানীর যানজট নিরসনে উড়াল পথ নির্মাণ করা হলে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। উড়াল পথ তৈরি হলে নগরীর দ্রুত গণপরিবহন ব্যবস্থায় কোন উন্নতি আসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে উড়াল পথ নির্মাণ করা হলে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। উড়াল পথ তৈরি হলে নগরীর দ্রুত গণপরিবহন ব্যবস্থায় কোন উন্নতি আসবে না। শক্রবার জাতীয় প্রেসক্লাবে সমাজ রুপান্তর অধ্যায়ক কেন্দ্র আয়োজিত 'উড়াল পথ না মেট্রো রেল: ঢাকার গণপরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সমাজ রুপান্তর অধ্যায়ন কেন্দ্রের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, "মেট্রো রেল নির্মাণ না করে উড়াল পথ নির্মাণ হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। প্রাইভেট কার চলাচলের জন্য উড়াল পথ তৈরি হবে, এতে সাধারণ মানুষের কোন লাভ হবে না।" দেশের কথা চিন্তা না করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে সিরাজুল ইসলাম বলেন, "দেশপ্রেম দিয়ে নয়, তারা কত টাকা দুর্নীতির মাধ্যমে নিতে পারবে সেই চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছে।" রাজধানীর যানজট নিরসনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ আগামী মাসেই শুরু হচ্ছে বলে গত বৃহস্পতিবার জানান যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। সেতু ভবনে সভা শেষে তিনি এ কথা জানান। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যায়ন কেন্দ্রের সমন্বয়কারী প্রকৌশলী ম. ইনামুল হক। মূল প্রবন্ধে ইনামুল হক বলেন, "উড়াল সেতু নির্মাণ হলে তা ধনীদের আরো গাড়ী আমদানী করার উৎসাহ যোগাবে। এ পরিকল্পনা ঢাকার যানজট দূর করবে না এবং এতে গণপরিবহনের কোন উন্নতি হবে না।" এই উদ্যোগ জনস্বার্থে নয় উল্লেখ করে ইনামুল হক বলেন, "রেলের জমি দখল করা এবং সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বের (পিপিপি) নামে জনগনের শত শত কোটি টাকা আত্মসাৎ করার একটি প্রক্রিয়া।" আলোচনা অনুষ্ঠানে বুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. সফিউল্লাহ বলেন, "রেল লাইনের উপর দিয়ে উড়াল সেতু নির্মাণে যানজট সমস্যার সমাধান হবে না। একটি শহরকে ধ্বংস করার জন্য এ প্রকল্প নেওয়া হয়েছে।" জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "প্রাইভেট কার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত না নিয়ে উড়াল পথ তৈরি হলে ব্যক্তিগত গাড়ি কেনায় আরো আগ্রহ বাড়বে। এতে সাধারণ মানুষের পরিবহনে কোন লাভ হবে না। উড়াল পথ নির্মাণের সিদ্ধান্ত মূলত গাড়ির মালিকদের কথা চিন্তা করে করা হচ্ছে।" মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, একটি মেট্রো রেল এক হাজার যাত্রী পরিবহন করতে পারে। সেখানে ঐ সংখ্যক ব্যক্তি বহনের জন্য ৮০০ প্রাইভেট কার প্রয়োজন হয়। গণপরিবহন ব্যবস্থার উন্নতির জন্য উড়াল পথ হবে আত্মঘাতী সিদ্ধান্ত। আলোচনা অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াস আহমেদ, প্রকৌশলী গোলাম মোস্তফা, ড. আব্দুল হাই মজুমদার, এফবিসিসিআই পরিচালক আব্দুল হক বক্তব্য রাখেন। এর আগে গত বৃহস্পতিবার যোগযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে (পিপিপি) নির্মিতব্য এক্সপ্রেসওয়েটি রেললাইনের ধার ঘেষে যাবে। এ প্রকল্পে রেলওয়ের জমিই বেশি ব্যবহার করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ঢাকার যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয়। গত ২৩ অগাস্ট প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প অনুমোদন করে মন্ত্রিসভা। ২০১১ সালে শুরু হয়ে প্রকল্পের কাজ ২০১৩ সালের মধ্যে শেষ হবে বলে সরকার আশাবাদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/২০২০ ঘ.