নওগাঁ, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে নিহত হয়েছে চাচা।
বৃহস্পতিবার সকালে মহাদেবপুর উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত নাজমুল হকের (৪০) বাড়ি ওই এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ভাতিজা জাইদুল ইসলামসহ (২২) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাচা নাজমুলের সঙ্গে বাড়ির পাশের একটি জমি নিয়ে জাইদুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।
সকালে জাইদুল ওই জমি দখল করতে গেলে নাজমুল বাধা দেয়। এতে জাইদুল ক্ষিপ্ত হয়ে নাজমুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নাজমুল মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে জাইদুল, তার ভাই জিয়াদুল ইসলাম (২৮), জাভেদ আলী (২৫), বোন নছিরন (২০) ও বোনের স্বামী মতিউর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই আসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/২২২৬ ঘ.
bdnews24