২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর নির্বাচনের প্রচার মন্ত্রীদের অংশ নেওয়ায় নিষেধ কমিশনের

পৌর নির্বাচনের প্রচারে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সরকারি কর্মকর্তা ও মন্ত্রিপরিষদ সদস্যদের অংশগ্রহণ নিষেধ করেছে নির্বাচন কমিশন। সাংসদসহ উল্লেখিতদের সরকারি প্রটোকলও দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 02:05 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনের প্রচারে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সরকারি কর্মকর্তা ও মন্ত্রিপরিষদ সদস্যদের অংশগ্রহণ নিষেধ করেছে নির্বাচন কমিশন। সাংসদসহ উল্লেখিতদের সরকারি প্রটোকলও দেওয়া হবে না। সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদাসম্পন্ন সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। তাদের সরকারি প্রটোকলও দেওয়া হবে না। সাংসদরা নির্বাচনী এলাকায় গেলে তারাও সরকারি প্রটোকল পাবেন না। নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য যেকোনো ব্যক্তি (যে মর্যাদায় অধিষ্ঠিত হোক না কেন বা প্রভাবশালী ব্যক্তি) ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। বৃহস্পতিবার মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠিয়েছে কমিশন। বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপ-নির্বাচন কমিশনার, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পৌর নির্বাচনে আচরণ বিধিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দেশের দু'শ ৬২টি পৌরসভায় জানুয়ারি মাসে চার দিনে পৌর নির্বাচন হবে। রাজশাহী ও রংপুর বিভাগে ১২ জানুয়ারি, খুলনা ও বরিশাল বিভাগে ১৩ জানুয়ারি, ঢাকায় ১৭ জানুয়ারি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে ১৮ জানুয়ারি নির্বাচন হবে। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব আবদুল বাতেন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের আগে রাষ্ট্র ও সরকারের উল্লিখিত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচনী এলাকায় যেতে বা প্রচার বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তবে সংশ্লিষ্ট পৌরসভা এলাকার বাইরে এবং অন্য জেলাগুলোর সফর বা অবস্থানের জন্য এসব পৌরসভাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা যাবে। তারা ভোট দিতে নিজ পৌরসভায় যেতে পারবেন। সরকারি কোনো কর্মকর্তা নির্বাচনী কাজে অংশগ্রহণ বা বাধাও দিতে পারবেন না। এ সময়ে পৌরসভা এলাকায় কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, যানবাহন, রেস্ট হাউজ, ডাকবাংলো বা অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না। জেলা সফরে কমিশনাররা পৌর নির্বাচনের আগে জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করতে শুক্রবার থেকে বিভাগওয়ারি সফর শুরু করছেন নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা যাচ্ছেন খুলনায়, নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন যাচ্ছেন সিলেট ও চট্টগ্রামে, অপর নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন যাচ্ছেন বরিশালে। কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম যাচ্ছেন বগুড়া ও রাজশাহী জেলায়। ৬৯ থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা বদলি নির্বাচন যোগ্য দুশ ৬২টি পৌরসভায় সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য শূন্য থাকা ৬৯টি পৌরসভায় ৬৯ জন থানা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ইসি সচিবালয়ের সহকারি সচিব দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে যোগ না দেওয়া কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৫২ ঘ.