২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিডিআর সদরদপ্তর ঢাকার বাইরে নেওয়ার পরিকল্পনা নেই'

বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদরদপ্তর ঢাকার বাইরে নেওয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদরদপ্তর ঢাকার বাইরে নেওয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। জাতীয় সংসদে বৃহস্পতিবারের অধিবেশনে পশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। ঢাকার যানজট নিরসনে বিডিআর সদরদপ্তর ঢাকার বাইরে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা- রাজশাহী-৬ আসনের সাংসদ মো. শাহরিয়ার আলম মন্ত্রীর কাছে জানতে চান। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদুন্নাহার লাইলীর অপর এক প্রশ্নের জবাবে সাহারা কলেন, কলেজ গেট সংলগ্ন মিরপুরগামী প্রধান সড়কের পাশে হানিফ এন্টারপ্রাইজসহ বিভিন্ন বাস সার্ভিসের আন্তঃজেলা কাউন্টার অন্য জায়গায় সরাতে ডিসি ট্রাফিককে (পশ্চিম) নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য এক লাখ ৩৯ হাজার ৪৭০ জন। এর মধ্যে, মহা পরিদর্শক এক জন, অতিরিক্ত মহা পরিদর্শক নয় জন, উপ মহা পরিদর্শক ৩১ জন, অতিরিক্ত উপ মহা পরিদর্শক ৩৩ জন, পুলিশ সুপার বা সহকারি মহা পরিদর্শক ২০১ জন, অতিরিক্ত পুলিশ সুপার ২৫২ জন, সিনিয়র পুলিশ সুপার ২২০ জন, সহকারি পুলিশ সুপার ৯০৫ জন, পরিদর্শক তিন হাজার ৪৭ জন, উপ পরিদর্শক ১২ হাজার ৪৩০ জন, উপ পরিদর্শক (টিআর) ২৫৪ জন, ট্রাফিক উপ পরিদর্শক ১১৩ জন, সার্জেন্ট এক হাজার ৫৬৯ জন, সহকারি উপ পরিদর্শক সাত হাজার ৭৪২ জন, নায়েক ছয় হাজার ৪৭ জন এবং কনস্টেবল ৯৯ হাজার ৭৬০ জন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, ভারতে প্রতি ৭২৮ জনের বিপরীতে এক জন, পাকিস্তানে প্রতি ৬২৫ জনে এক জন, মালয়েশিয়ায় ২৪৯ জনের বিপরীতে এক জন এবং বাংলাদেশে প্রতি এক হাজার ৭৫ জনের বিপরীতে এক জন পুলিশ সদস্য রয়েছে। এদিকে, নওগাঁ-২ আসনের সাংসদ মোঃ শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগার বা সংশোধনাগারে দু'হাজার ৬৪৮ জন এবং নয়া দিল্লিতে ৩১৩ জন বাংলাদেশী আটক আছে। সরকার তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯৩০ ঘ.