২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ ও রদবদল

পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিমকে একই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 01:18 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহিমকে একই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও চারজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে এই নিয়োগ ও রদবদল করা হয়। আগামী ১১ ডিসেম্বর সচিব রীতি ইব্রাহিমের সরকারি চাকরির বয়স শেষ হচ্ছে। ওইদিন তার অবসর-পূর্ব ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। চুক্তিভিত্তিক এ নিয়োগের কারণে তার পিআরএল বাতিল করা হয়েছে। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল আউয়াল চৌধুরীও। তার এ নিয়োগ ১২ জানুয়ারি থেকে কার্যকর হবে। উপ-সচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) শহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ও আলতাফ হোসেনকে রাঙ্গামাটির পার্বত্য উন্নয়ন বোর্ডের সদস্য পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে কর্মরত উপ-সচিব মিজানুর রহমানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জসিম উদ্দিন আহম্মেদকে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৮৩৯ ঘ.