বরগুনা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনায় কলেজছাত্রী সুমা আক্তারকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন হেফাজত দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বরগুনার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচদিন হেফাজত চায়।
শুনানি শেষে হাকিম আশরাফ উদ্দিন একদিন হেফাজতে রেখে আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক খান।
দুই আসামি হলেন- সদর উপজেলার সাহেবের হাওলা গ্রামের আবদুল হাকিমের ছেলে আল আমিন (২৫) ও নুর মোহাম্মদের ছেলে সোহরাব হোসেন (৫২)।
গত ৪ ডিসেম্বর সকালে বাবাকে সঙ্গে নিয়ে সাহেবের হাওলা গ্রামের সুমা আক্তার ঘটবাড়িয়া আদর্শ কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলো। তিনি ওই কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
পথে ঘটবাড়িয়া গ্রামের রহিম সিকদারের ছেলে মহসিন সিকদার (৩০) ধারালো দা দিয়ে সুমা ও তার বাবা ইউনুস আলী হাওলাদারের ওপর হামলা চালায় বলে তারা অভিযোগ করেন।
মহসিন কুপিয়ে সুমার ডান পা ও ডান হাত মারাত্মক জখম করে। তিনি বর্তমানে ঢাকার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।
এই ঘটনায় সুমার বাবা সদর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করেন। মহসিন ছাড়া বাকি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ তারা হামলায় সহযোগিতা করেছেন।
তবে ওই দুই আসামি দাবি করেছে, জমি নিয়ে বিরোধের জেরে তাদের এই মামলায় জড়ানো হয়েছে।
গত রোববার সন্ধ্যায় মহসিনকে ঝালকাঠি লঞ্চঘাট থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার পুলিশ তাকে নিয়ে সংবাদ সম্মেলন করে। সেখানে মহসিন স্বীকার করেন তিনিই সুমাকে কুপিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৫ ঘ.
bdnews24