২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবসম্পদ উন্নয়নে এগিয়ে আসুন: শ্রমমন্ত্রী

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা এবং মানবসম্পদ উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 11:43 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা এবং মানবসম্পদ উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য বিভিন্ন গণমূখী কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী একথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, "বর্তমান সরকার দেশের দারিদ্র ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এজন্য শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো এবং মুক্তিযোদ্ধা ও বিধবাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে। এতে দেশের দারিদ্র বিমোচনে বেশ অগ্রগতি হয়েছে।" তিনি বলেন, "বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দার কারণে অনেক দেশ ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশে এর তেমন প্রভাব পড়েনি। ফলে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশ গত কয়েক বছরে বেশ সফল হয়েছে। দেশের মোট অভ্যন্তরীন উৎপাদন (জিডিপি) গত কয়েক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে।" "শুধু সরকার পদক্ষেপ নিলেই চলবে না। এজন্য বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। দেশের অদক্ষ জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। এদের মানবসম্পদে পরিণত করতে হবে। যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে", বলেন তিনি। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, সিপিডি'র নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান, আইএলও'র কর্মসংস্থান নীতি শাখার পরিচালক ড. ইয়ানাতুল ইসলাম, বিআইডিএস'র মহাপরিচালক ড. মুস্তাফা কে মুজেরি, আইএলও বাংলাদেশের পরিচালক আন্দ্রে বোগুইসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এতে নিবন্ধ উপস্থাপন করেন আইএলও'র কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন শাখার গবেষক রিজওয়ানুল ইসলাম। তিনি দক্ষিণ কোরিয়ার সহায়তায় বিআইডিএস ও আইএলও'র গবেষকদের একটি গবেষণাপত্র উপস্থাপন করেন। গবেষণাপত্রে বলা হয়, ২০০৮-০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় বিশ্বের অনেক উন্নত দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাংলাদেশ ছিল এর প্রভাবমুক্ত। যদিও বাংলাদেশের জনশক্তি রপ্তানী খাত এতে কিছুটা হুমকির মুখে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণ এবং জনশক্তি খাতের উন্নয়নে আরো বেশি পরিমাণে বরাদ্দ দেওয়ার আহ্বান জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭৪২ ঘ.