শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
নরসিংদী, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টলা এক্সপ্রেসের চালকের ভুলই নরসিংদীর রেল দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্ত কর্মকর্তারা।
দুর্ঘটনা তদন্তে রেলওয়ে গঠিত ৪ সদস্যের কমিটির প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধা বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "চট্টলার চালক রফিক উদ্দিন সিগন্যাল অমান্য করে মূল লাইন ছেড়ে প্ল্যাটফর্মের লাইনে ঢুকে পড়ে। তবে তখনো যদি ট্রেনের গতি কমানো হতো, তাহলে এ দুর্ঘটনা হতো না।"
বুধবার বিকাল পৌনে ৫টার দিকে ঢাকামুখী চট্টলা যখন প্ল্যাটফর্মের লাইনে ঢুকে পড়ে তখন সে লাইনে ছিলো চট্টগ্রামগামী মহানগর গোধূলি এক্সপ্রেস। ফলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়, যাতে নিহত হয় অন্তত ১৪ জন। আহত হয় শতাধিক।
প্রত্যক্ষদর্শী স্টেশনের চা বিক্রেতা আফাজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোধূলি এক্সপ্রেস থামার জন্য স্টেশনে ঢুকছিলো। ওই সময় চট্টলা প্রচণ্ড বেগে গোধূলির ওপর আছড়ে পড়ে। স্টেশনে নামার জন্য ট্রেনের গেটে অপেক্ষারত যাত্রীরা ছিটকে পড়েন। দুটি ট্রেনের ইঞ্জিন ও কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।"
চট্টলা এক্সপ্রেসের চালক রফিক উদ্দিনও দুর্ঘটনায় আহত হন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন, তার সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিষয়ে আরো তথ্য নেওয়া হবে।
সাধারণত স্টেশন এলাকায় মেইন লাইনে একটি ট্রেন ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে চলে আর প্ল্যাটফর্ম লাগোয়া লাইনে গতিবেগ ১০ থেকে ১৬ কিলোমিটার। তবে চট্টলা এক্সপ্রেস ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিতে যাচ্ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এদিকে চট্টলার চালক রফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কোনো সঙ্কেত পাননি।
সঙ্কেত (সিগন্যাল) দিতে ভুল হয়েছিলো কিনা- জানতে চাওয়া হলে রেল কর্মকর্তা ইউসুফ বলেন, "নরসিংদী স্টেশনে স্বয়ংক্রিয় সিগন্যাল রয়েছে। এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা নেই।"
রফিক বলেন, "মাত্র এক থেকে দেড়শ গজ দূর থেকে দেখতে পাই আরেকটি ট্রেন (গোধূলি) প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তখন ট্রেনের গতি ৭০ কিলোমিটার থাকলেও তা কমানোর চেষ্টা করি। কিন্তু শেষ রক্ষা হয়নি।"
দুর্ঘটনার পরপরই জ্ঞান হারিয়ে ফেলেন রফিক। তার জ্ঞান ফেরে হাসপাতালে। অন্যদিকে গোধূলির চালক জহুরুল হক ঘটনাস্থলেই মারা যান।
তদন্ত কমিটির প্রধান ইউসুফ বলেন, "প্ল্যাটফর্মে থামার জন্য আগে থেকেই মহানগর গোধূলিকে সিগন্যাল দেওয়া ছিলো।
স্বয়ংক্রিয় সিগন্যাল অনুযায়ী চট্টলার থামা উচিৎ ছিলো। স্বয়ংক্রিয় সিগন্যালে ভুল হওয়ার কথা নয়, তবুও সিগন্যাল রেকর্ড পরীক্ষা করে দেখা হবে।"
নরসিংদী রেল স্টেশনে লাইন তিনটি হলেও প্ল্যাটফর্মের লাইনটি মূল লাইন থেকে বেরিয়ে এসে আবার মূল লাইনে গিয়ে জোড়া লাগে, অনেকটা বাইপাসের মতো।
ধারণা করা হচ্ছে, গোধূলি মূল লাইন থেকে প্ল্যাটফর্মের লাইনে ঢোকার সময় অন্যদিক থেকে আসা চট্টলা মূল লাইনে থাকলেও তার থামার সঙ্কেত ছিলো। কিন্তু মূল লাইনে লালবাতি জ্বলতে দেখে চট্টলা প্ল্য
bdnews24