২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বেদখল বনভূমি এক লাখ ১৬ হাজার হেক্টর'

দেশে বেদখল বনভূমি প্রায় এক লাখ ১৬ হাজার হেক্টর বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 04:57 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বেদখল বনভূমি প্রায় এক লাখ ১৬ হাজার হেক্টর বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মহিলা সাংসদ অপু উকিলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বেলা সোয়া তিনটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। বেদখল বনভূমি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, বেদখল বনভূমি সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষ্যে যেসব বনভূমি বিভিন্ন ব্যক্তি জবরদখরের অপচেষ্টায় লিপ্ত তাদের উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। সংরক্ষিত বন ঘোষণার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।" ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহদেম মজুমদারের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, দেশে বন বিভাগের আওতাধীন ভূমির পরিমাণ প্রায় ১৫ লাখ ২০ হাজার হেক্টর। এরমধ্যে সুন্দরবন ৬ লাখ হেক্টর, পাহাড়ি বন ৬ দশমিক ৭০ লাখ হেক্টর, সমতল ভূমির শালবন ১ দশমিক ২ লাখ হেক্টর এবং উপকূলীয় বন বাগান ১ দশমিক ৩ লাখ হেক্টর। মহিলা সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে বিভিন্ন বনবিভাগে চোরাই কাঠ মজুদের পরিমাণ প্রায় দুই লাখ ২৮ হাজার ঘনফুট। প্রতিযোগিতামূলক মূল্যে নিলাম বা টেন্ডার এর মাধ্যমে তা বিক্রি হয়ে থাকে। সুন্দরবন ব্যবস্থাপনায় গ্রামবাসী সুন্দরবনের কাঠ পাচার ও হরিণ শিকার রোধে বন সংলগ্ন এলাকার গ্রামবাসীকে বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন হাছান মাহমুদ। সাংসদ সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইতোমধ্যে সরকারিভাবে সুন্দরবনের সব ধরনের গাছ আহরণ বন্ধ, অতি মূল্যমান সুন্দরি ও পশুর কাঠ বিক্রি বন্ধ, কাঠ পাচার ও হরিণ শিকার রোধে যৌথ অভিযান পরিচালনা, বনে কোস্ট গার্ড বাহিনীর ক্যাম্প স্থাপন ও বন কর্মীদের টহল বাড়ানোর জন্য অবকাঠামো-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২২৪০ ঘ.