নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পানীয় কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।
আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে দমকলকর্মীসহ অন্তত পাঁচজন।
বুধবার বিকালে তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড প্রোডাক্টস নামের কারখানাটিতে আগুন লাগে বলে জানিয়েছেন রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত শাহ আওলাদ হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানা ভবনের তিনতলায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত। মুহূর্তে তা দ্বিতীয় তলা ও নিচতলায় ছড়িয়ে পড়ে।
আগুনে কারখানার গুদামে রাখা মালামাল পুড়ে গেছে।
পুলিশ কর্মকর্তা জানান, খবর পেয়ে ডেমরা, কাঞ্চন, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভাতে কারখানার শ্রমিক সুজন, উজ্বল, দেলোয়ার, ফায়ার সার্ভিস কর্মী আবুল হোসেনসহ পাঁচজন আহত হয়েছে। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানান শাহ আওলাদ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পুরোপুরি নেভানোর কাজ চলছে।
হাশেম ফুড প্রোডাক্টস কারখানার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) বেলাল আহমেদ দাবি করেন, আগুনে দুই কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০১০ ঘ.
bdnews24