রাজশাহী, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরির অভিযোগে রাজশাহীর তানোর উপজেলায় মঙ্গলবার দু'জন প্রতিবেশী এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত তপন বমর্ণের (১৫) বাড়ি উপজেলার খাগড়াকান্দর গ্রামে।
তপনের পরিবারের অভিযোগ, সোমবার রাতে একই গ্রামের জাক্কার তার চাচা আজমলের ধানের গোলা থেকে ১৫ কেজি ধান চুরি করে তপনের বাড়িতে রাখে। মঙ্গলবার সকালে তপন ও জাক্কার মিলে জুমারপাড়া মোড়ে একটি আড়তে ওই ধান বিক্রি করে।
ওই রাতে আজমলের ভাই এমদাদুল ও তার এক সহযোগী তপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে। এতে তপনের অবস্থা সঙ্কটজনক হলে হামলাকারীরা তার মুখে বিষ ঢেলে জুমরপাড়া মোড়ে রাস্তায় ফেলে রাখে।
রাত ৯টায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তপনের ভাই স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত্যুর আগে তপন জানায়- এমদাদুলসহ আরো একজন মিলে তাকে মারধর করে জোরপূর্বক মুখে বিষ ঢেলে দিয়েছে।
তানোর থানার ওসি আজিজুল হক সরকার বলেন, তপনের লাশ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯২৪ ঘ.
bdnews24