২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের সংঘর্ষ: নয় লাশ উদ্ধার

নরসিংদী রেলস্টেশনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো অনেক যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। (আরো তথ্যসহ-৫)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 12:12 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

নরসিংদী, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী রেলস্টেশনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো অনেক যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিকাল পৌনে ৫টার দিকে আন্তনগর ট্রেন চট্টলা এক্সপ্রেস ও মহানগর গোধূলীর মধ্যে এই সংঘর্ষ হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান। তিনি জানান, ঘটনাস্থলে আরো কয়েকটি লাশ দেখা গেছে। হতাহতের সংখ্যা অনেক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নরসিংদীর পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাস উদ্দিন ভূঁইয়া জানান, সংঘর্ষে একটি ট্রেন আরেকটি ট্রেনের ওপর ওঠে গেছে। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি লাশ নরসিংদী সদর হাসপাতাল এবং তিনটি ঘটনাস্থলে রয়েছে। বুধবার রাত ৯টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মেজর এ এম এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি লাশ উদ্ধারের কাজ চলছে। আহত এক থেকে দেড়শ' যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করেছে। ঢাকার পঙ্গু হাসপাতালের পরিচালক খন্দকার আব্দুল আউয়াল জানান, রেলওয়ের নিরাপত্তাকর্মী শফি আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমারা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।" তিনি জানান, চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলো। অন্যদিকে মহানগর গোধূলী ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলো। নরসিংদী রেলওয়ের কর্মকর্তাদের পাওয়া যাচ্ছে না। বিক্ষুব্ধ জনতা স্টেশন ঘেরাও করে রেখেছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নরসিংদী রেলস্টেশনের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেস নরসিংদী স্টেশনে না দাঁড়িয়ে সরাসরি প্রধান রেলপথ হয়ে ঢাকা চলে যাওয়ার কথা ছিলো। অন্যদিকে মহানগর গোধূলী এই ট্রেনটিকে পাশ দেওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়ে ছিলো। কিন্তু সংকেত ভুল করায় একই লাইনে চট্টলা ট্রেনটি চলে আসে। এতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। রেলের উপসহকারী পরিচালক দিলীপ কুমার বোসের নেতৃত্বে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছে। দিলীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘণ্টা খানেকের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাবো।" যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, উদ্ধারকারী একটি ট্রেন সন্ধ্যা সাড়ে ৫টায় নরসিংদীর উদ্দেশে ছেড়ে গেছে। রাত সাড়ে ১১টার মধ্যে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে বলে আশা করা হচ্ছে। ঘটনার খবর পাওয়ার পরই যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক টি এ চৌধুরী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে তিনি জানান। নরসিংদী সদর হাপাতালের জরুরি বিভাগের কর্মচারী কামাল জানান, হাসপাতালে এ পর্যন্ত আহত ১৭ জনকে আনা হয়েছে। এর মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেআরসি/এলএইচ/এমএইচসি/এমকে/এমএসবি/২২৪০ ঘ.