২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অবৈধ অভিবাসীর কারণে বিদেশে শ্রমবাজার সঙ্কুচিত হচ্ছে'

অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অবৈধ অভিবাসীর কারণে বিভিন্ন দেশে শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ। সৌদি আরব ও মালয়েশিয়ায় শ্রমবাজার হারানোর এটাই প্রধান কারণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 09:36 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অবৈধ অভিবাসীর কারণে বিভিন্ন দেশে শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ। সৌদি আরব ও মালয়েশিয়ায় শ্রমবাজার হারানোর এটাই প্রধান কারণ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ অবস্থা বন্ধ না হলে বাংলাদেশের শ্রমবাজার ভবিষ্যতে আরো সঙ্কুচিত হয়ে পড়বে। এর আগে মন্ত্রী বাংলাদেশ জনশক্তি রপ্তানিকারক সমিতির (বায়রা) প্রতিনিধিদের সঙ্গে জনশক্তি রপ্তানির বিভিন্ন জটিলতা দূর করা এবং অভিবাসন ব্যয় কমানো নিয়ে বৈঠক করেন। বায়রা সভাপতি আবুল বাশার ও মহাসচিব আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে যোগ দেন। এতে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী বলেন, "অবৈধ অভিবাসীর কারণে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার একেবারেই সঙ্কুচিত হয়েছে। সৌদি আরব ও মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ হওয়ার অন্যতম কারণ এটি।" মালয়েশিয়ায় বাংলাদেশের তিন লাখ অবৈধ অভিবাসী রয়েছে জানিয়ে তিনি বলেন, "তারা তাদের ফেরত পাঠাতে চাইলেও শেষ পর্যন্ত পাঠায়নি। তাদের পর্যায়ক্রমে বৈধতা দেওয়া হচ্ছে।" মন্ত্রী বলেন, "সৌদি আরবে অনেক অবৈধ অভিবাসী রয়েছে। এদের সৌদি কর্তৃপক্ষ বিনা খরচে দেশে ফিরিয়ে দিচ্ছে। তারা ফিরে এলে সেখানে নতুন শ্রমবাজার খোলার সম্ভাবনা আছে। তাদের জন্য কূটনৈতিক তৎপরতার সুযোগ নেই। তাদেরও উচিৎ এ সুযোগ নিয়ে ফিরে আসা।" তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত অভিবাসন ব্যয় কমাতে নতুন আইন করতে যাচ্ছে। এজন্য আগামী জানুয়ারি মাসে তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসবে। অভিবাসন ব্যয় বাড়ার পেছনে বায়রার 'কিছু অতিলোভী' সদস্য এবং জনশক্তি গ্রহণকারী দেশের কিছু লোক জড়িত জানিয়ে মন্ত্রী বলেন, "অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে অভিবাসীরা অবৈধ হয়ে পড়ছে। তাই অনেক দেশ চাহিদা ও গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে জনশক্তি নিচ্ছে না। "এ ব্যয় কমাতে বায়রার সঙ্গে আলোচনা করেছি। তারা একটি ব্যয় প্রস্তাব দিয়েছে। সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করে এটা যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হবে।" তবে বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে অভিবাসন ব্যয় নিয়ে কোনো আলোচনাই হয়নি। তিনি বলেন, "বৈঠকে মালয়েশিয়া ও সৌদি আরবে বিরাজমান সমস্যা সমাধান করে নতুন বাজার খোলা এবং সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি পাঠানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/কেএমএস/১৫৩১ ঘ.